লেভান্তের মাঠে আজ বার্সার উৎসব!
ম্যাচের আগে, না কি পরে? টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের উৎসব কখন করবে বার্সেলোনা? উত্তরটা নির্ভর করছিল গতকাল রাতে হয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ-গেটাফে ম্যাচের ওপর। ফলটা এতক্ষণে আপনারা জেনেই গেছেন। যদি রিয়াল ড্র করে থাকে, তবে আজ মাঠে নামার আগেই শিরোপা-উৎসব করে ফেলতে পারবে বার্সা। আর রিয়াল যদি জিতে থাকে, লেভান্তের বিপক্ষে ড্র করলেও চলবে পেপ গার্দিওলার দলের।সমীকরণটা এতই সহজ। তার ওপর লেভান্তে পয়েন্ট টেবিলের ঠিক মাঝখানে থাকা দল। ফলে আজ বার্সার শিরোপা জয়ের উৎসব নিশ্চিত বলেই ধরে নিতে হচ্ছে। আর তা করতে পারলে বার্সার দ্বিতীয় ‘স্বপ্নের দল’ হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যাবে মেসি-ইনিয়েস্তারা। ‘ড্রিম টিম’ বলতে এখনো সবাই ইয়োহান ক্রুইফের দলটাকেই বোঝে। ডাচ কিংবদন্তি কোচ থাকার সময় ১৯৯১ থেকে ১৯৯৪ পর্যন্ত টানা চারটি লিগ জিতেছিল বার্সা, জিতেছিল ক্লাব ইতিহাসের প্রথম ইউরোপিয়ান কাপও।সেই দলেরই মাঝমাঠের কাণ্ডারি গার্দিওলা একই কক্ষপথে ঘুরছেন। এটি হবে তাঁর দলের টানা তৃতীয় লিগ শিরোপা। ভাগ্যবিধাতাও বুঝি নেপথ্যে দাঁড়িয়ে চিত্রনাট্য লিখছেন। ক্রুইফের বার্সা ইউরোপ-সেরার ট্রফি জিতেছিল ওয়েম্বলিতে। গার্দিওলার বার্সা তাদের দ্বিতীয় (সব মিলে ক্লাবের চতুর্থ) চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের মিশন নিয়ে নামবে ওয়েম্বলিতেই। পুরোনো ওয়েম্বলি অবশ্য নয়, এটি নতুন ওয়েম্বলি। গার্দিওলার বার্সাও তো নতুন ড্রিম টিমই হতে চায়, নাকি!এমনিতে একটা আলোচনা চলছে, এই বার্সাই সর্বকালের সেরা কিনা। হয়তো লিগ শিরোপা তাদের একটি কম। কিন্তু তিন বছরের মাথায় দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে এই দলটাই নম্বর পাবে বেশি। তার ওপর এই বার্সা গত তিনটি চ্যাম্পিয়নস লিগেরই সেমিফাইনালে খেলেছে। এক বছরে ছয়টি প্রধান ট্রফির সব কটিই জেতার একমাত্র রেকর্ডটাও গড়েছে। ক্লাবের একমাত্র ‘ক্লাব বিশ্বকাপ’ ট্রফিটাও এসেছে এই সময়েই। কোচ গার্দিওলা আটটি ট্রফি জিতেছেন। তিন বছরেই ১০টি ট্রফি জেতার সম্ভাবনাও তাঁর সামনে।যদিও তুলনামূলক আলোচনায় খোদ গার্দিওলাই উৎসাহী নন। উৎসাহী নন তাঁরই এক সময়ের পজিশনের উত্তরসূরি সার্জিও বুসকেটসও। এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলছেন, ‘এই দলটা “ড্রিম টিমে”র চেয়ে ভালো না কি খারাপ, সেটি বুঝতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। তবে এটা নিশ্চিত, আমরা নতুন একটা যুগের সূচনা করতে চলেছি। আমাদের জেতা শিরোপাগুলো তারই সাক্ষ্য দেয়।’ এএফপি, রয়টার্স।