লেভারকুসেনকে পেল বার্সেলোনা
ফেব্রুয়ারি-মার্চ সময়টা রাশিয়ান ফুটবলের প্রাক-মৌসুম। খেলা তো মাঠে থাকেই না, তখন তীব্র শীত পড়ে। ওই সময় রাশিয়ায় খেলতে যাওয়া মানেই বিপদে পড়া! ড্র ভাগ্যে তাই রাশিয়ার ক্লাব বিশেষ করে, সিএসকেএ মস্কোকে এড়াতে পেরে বার্সেলোনার সভাপতি সান্দ্রো রোসেল ভীষণ খুশি!গতকাল সুইজারল্যান্ডে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বের ড্র। তাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা পেয়েছে জার্মানির বেয়ার লেভারকুসেনকে। রোসেল এতে আনন্দিত, ‘ভালো হয়েছে, আমরা বেয়ারকে পেয়েছি। প্রতিটা দলেরই ইতিবাচক-নেতিবাচক দিক থাকে। জীবনের মতো আপনাকে মসৃণ-অমসৃণ দুটো দিকেই মনোযোগ দিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় রাশিয়ান দলগুলোর কথা, আমরা যেখানে বিমানে যেতে পছন্দ করি না। কারণ, আপনাকে এক দিন আগেই যাত্রা করতে হয় এবং খুবই ঠান্ডা।’বার্সেলোনা পারলেও স্পেনের আরেক ক্লাব রিয়াল মাদ্রিদ রাশিয়াকে এড়াতে পারেনি। দশম শিরোপা-স্বপ্নে শেষ ষোলোয় মরিনহোর দলের প্রতিপক্ষ সিএসকেএ মস্কো। রিয়ালের পরিচালক এবং সাবেক খেলোয়াড় এমিলিও বুত্রাগুয়েনো বলেছেন, ‘ওই সময়ে মস্কোর তাপমাত্রা নিচে থাকে, তাতে আমরা অভ্যস্ত নই। এটা সমস্যাই হবে।’ এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আয়োজক বায়ার্ন মিউনিখ পেয়েছে সুইস ক্লাব বাসেলকে, যারা বিদায় করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।ইংল্যান্ড-ইতালির মধ্যে তো একটা যুদ্ধই বেধে গেল! সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলানের প্রতিপক্ষ আর্সেনাল, নাপোলির সামনে চেলসি। ইতালির আরেক ক্লাব ইন্টার মিলান পেয়েছে ১৯৯৩ চ্যাম্পিয়ন ফ্রান্সের অলিম্পিক মার্শেইকে। অলিম্পিক লিওঁর সামনে সাইপ্রাসের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ওঠা অ্যাপোয়েল নিকোশিয়া। ৫০ বছর আগে শিরোপা জেতা বেনফিকার প্রতিপক্ষ জেনিত সেন্ট পিটার্সবার্গ। নকআউট পর্বের প্রথম লেগ ম্যাচ ১৪-১৫ ও ২১-২২ ফেব্রুয়ারি। ফিরতি লেগ ম্যাচ ৬-৭ এবং ১৩-১৪ মার্চ।চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই কপাল পুড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির। ইউরোপা লিগে নেমেও কঠিন সূচিতে পড়েছে তারা। ম্যান সিটির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন এফসি পোর্তো। ম্যানইউর সামনে আয়াক্স। রয়টার্স।