লেভারকুসেনের ‘বাঙালি বিদায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচের জীবনটাই বোধ হয় এমন। মাত্র মাস দেড়েক আগেও চারদিক থেকে কত প্রশংসা। বায়ার লেভারকুসেনকে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে তুলে এনেছেন। বুন্দেসলিগাতেও ভালো অবস্থানে দল। কিন্তু কোচদের ভাগ্যের চাকা যেকোনো সময় উল্টোদিকেও যে ঘোরে, সেটাই বুঝলেন রবিন দত্ত। বাঙালি বংশোদ্ভূত জার্মান কোচ কাল ছাঁটাই হয়েছেন। টানা পাঁচ ম্যাচে হেরে যাওয়াই চাকরি হারানোর কারণ। চারটি পরাজয় লিগে, অন্যটি বার্সেলোনার কাছে চ্যাম্পিয়নস লিগে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া সেই ম্যাচ।বার্সার মুখোমুখি হওয়ার আগের ম্যাচটিতেও বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছিল লেভারকুসেন। পরবর্তী চ্যাম্পিয়নস লিগে খেলার আশা আপাতত ম্রিয়মাণ হলেও ইউরোপা লিগে খেলার আশা এখনো আছে। পঞ্চম আর ষষ্ঠ দল খেলবে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টটিতে। লেভারকুসেন এখন ছয়েই আছে। যদিও তাদের সমান ৪০ পয়েন্ট আছে আরও তিন দলের। এই মৌসুমের শুরুতে ফ্রেইবুর্গ ছেড়ে লেভারকুসেনে এসেছিলেন দত্ত। পরশু সেই ফ্রেইবুর্গের কাছেই ২-০ গোলে হেরে যাওয়ার পর ভাগ্য নির্ধারণ হয়ে যায় তাঁর। ৪৭ বছর বয়সী এই কোচকে বিদায় করে দিয়ে অন্তবর্তীকালীন কোচ করা হয়েছে লিভারপুল ও লেভারকুসেনের সাবেক ডিফেন্ডার স্যামি হাইপিয়া ও সাশা লিওয়ান্ডাভস্কিকে। এএফপি, রয়টার্স।