লেভেন্তের বিপক্ষে কষ্টের জয় বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেভেন্তের বিপক্ষে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে লা লিগার শীর্ষ দল বার্সেলোনা। সেস ফ্যাব্রিগাসের ৮৪ মিনিটের গুরুত্বপূর্ণ গোল কাতালানদের মিলিয়েছে পূর্ণ তিন পয়েন্টের দেখা। কিন্তু তার পরও কোথায় যেন ছন্দপতনের সুর শুনেছেন কোচ টিটো ভিলানোভা। বিশেষ করে, বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমির লড়াইয়ের আগে নিজ দলের এলোমেলো ফুটবল চিন্তার গভীর ভাঁজ সৃষ্টি করেছে তাঁর কপালে।মেসিবিহীন বার্সেলোনা যে সাধারণ মানের, সেটা আবারও প্রমাণ হয়েছে কাল। কোচ কাল মেসিকে মাঠে নামাননি, বায়ার্নের বিপক্ষে তাঁকে পরিপূর্ণ ফিট হিসেবে পেতে; কিন্তু মেসিবিহীন বার্সেলোনাকে গোলের দেখা পেতে অপেক্ষায় থাকতে হয়েছে ৮৪ মিনিট পর্যন্ত। ২০১১ সালের নভেম্বরে বার্সেলোনা শেষবারের মতো গোলশূন্য ড্র করেছিল সেভিয়ার বিপক্ষে। কাল লেভেন্তেও সেভিয়ার সাফল্য প্রায় ছুঁয়েই ফেলেছিল। সেস ফ্যাব্রিগাসের গোল লেভেন্তেকে আশাহত করলেও স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।কালকের ম্যাচে প্রায় পুরো সময় বল ঘোরাফেরা করেছে বার্সেলোনার খেলোয়াড়দের পায়েই। কিন্তু গোলটি বের করতেই কেবল বেগ পেতে হয়েছে তাঁদের। ম্যাচের শুরুর দিকে তো পেনাল্টিই মিস করে বসেন স্ট্রাইকার ডেভিড ভিয়া। ১৪ মাস পর কাল বার্সেলোনার প্রথম একাদশে ছিলেন এরিক আবিদাল।ভিয়ার পেনাল্টি মিসের পরপরই প্রায় ৩৫ গজ দূর থেকে দানি আলভেজের নেওয়া একটি শট প্রতিহত করেন লেভেন্তের গোলরক্ষক কেইলর নাভাস। আক্রমণে মত্ত বার্সেলোনার ফরোয়ার্ডদের সামনে কাল প্রাচীরসম ছিলেন এই নাভাস। ডেভিড ভিয়ার আরও একটি প্রচেষ্টা তিনি ব্যর্থ করে দেন প্রথমার্ধের একেবারে শেষলগ্নে।দ্বিতীয়ার্ধেও লেভেন্তে রক্ষণভাগ বারবারই আশাহত করতে থাকে বার্সেলোনার খেলোয়াড়দের। তাদের টিকি-টাকা ফুটবল কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না লেভেন্তের রক্ষণব্যূহের ফাঁকফোকর। দ্বিতীয়ার্ধে থিয়াগো ও ইনিয়েস্তার জায়গায় পেদ্রো ও জাভিকে নামিয়েও কোনো ফল পাননি কোচ টিটো ভিলানোভা।খেলার ৮০ মিনিটের সময় ডেভিড ভিয়া এগিয়ে দিতে পারতেন বার্সেলোনাকে। কিন্তু দানি আলভেজের ক্রস থেকে পোস্টের ১০ গজ সামনে বল পেয়েও তা বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন কালকের ম্যাচে পুরোপুরি ব্যর্থ ও নিষ্প্রভ ভিয়া।অবশেষে ন্যু ক্যাম্পের সমর্থকদের স্বস্তি দিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন সেস ফ্যাব্রিগাস। ৮৪ মিনিটের সময় আলেক্সিজ সানচেজের একটি স্লাইড থেকে বল ধরে দারুণ মুনশিয়ানায় তা গোলে পরিণত করেন ফ্যাব্রিগাস। রয়টার্স।