লেম্যানই শুরু করে দিলেন লড়াইটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেম্যান
লেম্যান

এক অ্যাশেজের ঝাঁজ রয়ে গেছে এখনো। আরেক অ্যাশেজের আঁচ লাগতে শুরু করেছে এর মধ্যেই। পিঠাপিঠি অ্যাশেজের দ্বিতীয়টির ঘণ্টা বেজে গেছে ইংলিশ স্কোয়াড ঘোষণায়। তবে এর আগেই মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দিয়েছেন ড্যারেন লেম্যান। ইংল্যান্ডের দল ঘোষণার কিছুক্ষণ আগে অস্ট্রেলিয়া কোচ বলেছেন, ইংল্যান্ডের খেলার ধরন বিরক্তিকর!
স্টুয়ার্ট ব্রডকে নিয়ে মন্তব্যের কারণে কদিন আগেই ক্ষমা চাইতে হয়েছে লেম্যানকে। জরিমানাও গুনতে হয়েছে। তবে তাতে যে খুব একটা দমে যাননি অস্ট্রেলিয়ার কোচ, এই মন্তব্যই তার প্রমাণ। কথাটি বলেছেন তিনি বিবিসি রেডিওর এক অনুষ্ঠানে, যেটির উপস্থাপক ছিলেন আবার সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সাবেক ইয়র্কশায়ার সতীর্থের কাছে ভনের প্রশ্ন ছিল, ইংল্যান্ডের খেলার স্টাইল কেমন লাগে। লেম্যানের ঝটপট উত্তর, ‘বিরক্তিকর, এই ধরনের ক্রিকেট আমি কখনোই খেলতে চাইব না। কখনো কখনো তাদের ওভার-রেট একটু বাড়তির দিকে দেখলে ভালো লাগবে আমার।’
লেম্যানের ইঙ্গিত হয়তো গত অ্যাশেজের শেষ টেস্ট নিয়ে। ইংল্যান্ড ড্রয়ের জন্য অনেক ধীরগতিতে খেলেছে এবং ইচ্ছে করেই দেরি করে বোলিং করেছে বলে সেই সময় বেশ হইচই করেছিল অস্ট্রেলিয়া। তবে লেম্যানের মন্তব্যের জবাবটাও আসতে দেরি হয়নি। অস্ট্রেলিয়ান কোচকে খোঁচা দিয়ে কেভিন পিটারসেন টুইট করেছেন, ‘লেম্যান বলেছেন আমাদের ক্রিকেট বিরক্তির। অ্যাশেজের স্কোরলাইনটা ঠিক মনে পড়ছে না আমার...৩-০ নাকি প্রায় ৪-০!’
ইংল্যান্ডকে কাবু করার উপায়ও নাকি খুঁজে পেয়েছেন দীর্ঘদিন কাউন্টিতে খেলা সাবেক ব্যাটসম্যান, ‘ইংল্যান্ডের কিছু ব্যাপার আমরা বের করতে পেরেছি। সামনের সিরিজে সেসব আমাদের অবশ্যই কাজে লাগবে। অ্যাশেজের শেষ তিন টেস্টে আমরা যেভাবে খেলেছি, তা আমার খুবই ভালো লেগেছে। দলের শরীরী ভাষা ও আগ্রাসন ভালো লেগেছে।’
প্রসঙ্গটি উঠেছিল ইংল্যান্ডের দল ঘোষণার সংবাদ সম্মেলনেও। সেখানে প্রধান নির্বাচক ও সাবেক অফ স্পিনার জিওফ মিলারের কথা, ‘খেলার ধরন কন্ডিশনের সঙ্গে বদলায়। দেশে একরকম, দেশের বাইরে আরেক রকম। আমার খুশি যে আমাদের দল যেকোনো কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।’ ইসিবির ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিস মনে করিয়ে দিয়েছেন দলের সাফল্যের কথা, ‘আমাদের খেলার স্টাইল নিয়ে আমি খুবই তৃপ্ত। গত পাঁচ বছরে পারফরম্যান্সই আমাদের হয়ে কথা বলেছে। অ্যালিস্টার কুক অধিনায়ক হওয়ার পর গত এক বছরে আমরা চার টেস্ট সিরিজের তিনটি জিতেছি, বাকিটি হয়েছে ড্র। এর মধ্যে ছিল গত ২৮ বছরের মধ্যে প্রথমবার ভারতে সিরিজ জয়, ছিল ৩-০ তে অ্যাশেজ জয়। আমাদের স্টাইল ও লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ ম্যাচগুলো জেতা, সেটি আমরা ধারাবাহিকভাবেই করতে পেরেছি।’
যুক্তি, পাল্টা যুক্তি, খোঁচা—সব মিলিয়ে কথার লড়াই জমে উঠতে শুরু করেছে এখনই। লেম্যান যেহেতু দৃশ্যপটে আছেন, কথার লড়াই সামনে আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনাই বেশি। ওয়েবসাইট।