লেম্যানকে ব্রডের জবাব
ড্যারেন লেম্যানের সেই মন্তব্য তাহলে ভোলেননি স্টুয়ার্ট ব্রড! এবারের অ্যাশেজের প্রথম টেস্টে ‘ওয়াক’ না করায় ব্রডের কড়া সমালোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার কোচ। শুধু কি তাই? উসকানি দিয়েছিলেন, ফিরতি অ্যাশেজে যেন অস্ট্রেলীয় সমর্থকেরা ব্রডকে কাঁদিয়ে ছাড়ে। পরে অবশ্য এই মন্তব্যের জন্য ব্রডের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন লেম্যান। কিন্তু ক্ষমায় ব্রডের মন বোধ হয় গলেনি। নইলে অ্যাশেজ শেষ হওয়ার পর পরই লেম্যানের এক মন্তব্যের জবাব এখন কেন দেবেন ব্রড? এএফপি।
৩-০ ব্যবধানে অ্যাশেজ হারের পর লেম্যান বলেছিলেন ভাগ্য ভালো থাকলে অন্তত দুটি টেস্ট জিতত অস্ট্রেলিয়া। সেই কথারই জবাব এত দিন পরে দিলেন ব্রড। বললেন ইংল্যান্ড সহজেই ধবলধোলাই করতে পারত অস্ট্রেলিয়াকে। কাল ইংল্যান্ডের পত্রপত্রিকা ব্রডকে উদ্ধৃত করেছে এভাবে, ‘লেম্যান বলেছেন এটা ৩-২-এ জিততে পারত অস্ট্রেলিয়া। কিন্তু এটা আমরা ৫-০-তেও জিততে পারতাম। যা-ই হোক খেলাধুলা এভাবে হয় না, হয় কি? ঠিক আছে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার সুযোগ ছিল টেস্ট জেতার, কিন্তু তারা কিছুই জেতেনি। মোদ্দা কথা এটাই।’
ব্রড বলেছেন সামনের অস্ট্রেলিয়া সফর নিয়েও। অস্ট্রেলীয়দের কাছ থেকে ফুলেল সংবর্ধনা পাওয়ার আশা তিনি করছেন না, ‘অস্ট্রেলিয়ার প্রধান কোচ বাধা দিতে বলেছেন, তবে আমি এসব তুচ্ছ ব্যাপার নিয়ে পড়ে থাকার মানুষ নই। যদিও দেখতে চাইছি কী হয়। এটা মজারও হতে পারে। ঠিক জানি না অস্ট্রেলিয়ার দর্শকের কাছ থেকে কী আশা করা যায়। তবে আমি নিশ্চিতভাবেই উল্লাসধ্বনি আশা করছি না।’