লেম্যানে আস্থা মুডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজের ঠিক আগে আগে মিকি আর্থারকে বরখাস্ত করায় অনেকেই বিস্মিত। কিন্তু টম মুডি এই দলে নেই, তিনি বলছেন অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচের বরখাস্ত হওয়াটা অনিবার্যই ছিল। শ্রীলঙ্কার সাবেক কোচের দাবি, কোচ-খেলোয়াড়ের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, বরখাস্ত হওয়ার আগে আর্থার তা হারিয়ে ফেলেছিলেন।

আর্থার ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম বিদেশি কোচ। গত ফেব্রুয়ারি-মার্চে তাঁর অধীনে ভারতে এসে টেস্ট সিরিজে ৪-০ ধবলধোলাই হয় অস্ট্রেলিয়া। সিরিজের মাঝপথে টিম ম্যানেজমেন্ট নির্দেশিত ‘হোমওয়ার্ক’ জমা না দেওয়ায় চার ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। মুডির কথা, আর্থার সর্বনাশ করেছেন তখনই। এরপর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে ইংল্যান্ডের জো রুটকে ঘুষি মেরে সাময়িক নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নারও। মুডি বলেছেন, ‘এটা পরিষ্কার যে চ্যাম্পিয়নস ট্রফিতে দল ছিল অগোছালো। তাদের আত্মবিশ্বাস ছিল না। তারা তাদের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চিত ছিল।’

তবে অস্ট্রেলিয়ার নতুন কোচ ড্যারেন লেম্যনের ওপর দারুণ আস্থা মুডির। ১৯৯৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন দুজনেই। মুডি মনে করেন, লেম্যান ঠিকই অস্ট্রেলিয়া দল এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটকে ফিরিয়ে দিতে পারবেন হারানো মর্যাদা। লেম্যানের অধীনে মাইকেল ক্লার্কের দল ভালো করতে মরিয়া ১০ জুলাই নটিংহাম টেস্ট দিয়ে শুরু আসন্ন অ্যাশেজেও। সেই প্রতিশ্রুতি মিলছে প্রস্তুতি ম্যাচে। উস্টারশায়ারের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ক্লার্ক। তাতে জয়ের আভাসও পাচ্ছে অস্ট্রেলিয়া। কাল চতুর্থ বা শেষ দিনে এই প্রতিবেদন লেখার সময় জয় থেকে ৫ উইকেট দূরে ছিল অস্ট্রেলিয়া। ৪৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উস্টারশায়ার চতুর্থ ইনিংসে করেছে ৫ উইকেটে ২২৭। এর আগে সমারসেটের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও জিতেছে ক্লার্কের দল। সব মিলিয়ে নতুন শুরুর স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।