লেম্যানের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভারতের নাম যতবার এসেছে, অস্ট্রেলিয়ার নাম ততবার আসেনি এটা সত্যি। তাই বলে সেমিফাইনালের আগেই ছিটকে যাওয়ার কথা নিশ্চয়ই স্টিভেন স্মিথদের মাথায় আসতে পারে না। কিউইদের কাছে প্রথম ম্যাচে হার অবশ্য সেই দুশ্চিন্তা কিছুটা ঢুকিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া দলে।
কিন্তু যে ম্যাচটা হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে তো লাভ নেই। তাই সুপার টেনের বাকি তিন ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছেন না অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। ওই তিন ম্যাচের একটি আজ বাংলাদেশের বিপক্ষে। এমনিতেই এই সংস্করণের ক্রিকেটে তিনবার বাংলাদেশের মুখোমুখি হয়ে কখনো হারেনি অস্ট্রেলিয়া। কিন্তু এ মুহূর্তে কঠিন হিসাব-নিকাশের সামনে দাঁড়িয়ে বলেই আজকের ম্যাচ নিয়েও বেশ সতর্ক লেম্যান, ‘এ রকম ছোট টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গ্রুপের চারটি ম্যাচের মধ্যে অন্তত তিনটি ম্যাচ জিততে হবে আপনাকে। আমরা চেয়েছিলাম জয় দিয়ে শুরু করতে। কিন্তু পারিনি। এখন বাস্তবতা হচ্ছে, যদি আমরা পরের পর্বে যেতে চাই তাহলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে, পাকিস্তানকে হারাতে হবে এবং ভারতকেও হারাতে হবে।’
তবে এই কঠিন পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন লেম্যান, ‘আমরা পরের পর্বে খেলতে পারব বলে যথেষ্ট আশাবাদী।’
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটায় ১৪২ তাড়া করতে নেমে সপ্তম ওভারেই ১ উইকেটে ৫১ করে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হেরে গেছে ৮ রানে। ওই ম্যাচের পরই হারের দায়টা ব্যাটসম্যানদের কাঁধে চাপিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটসম্যানদের সতর্ক করে দিলেন কোচ লেম্যানও, ‘স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েল, মার্শ—সব ব্যাটসম্যানকেই আরও বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। এ ধরনের ম্যাচে চাপের পরিস্থিতি তৈরি হতেই পারে। সেখান থেকে বেরিয়ে আসার পথটাও তাদেরই বের করতে হবে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট।