লেম্যানের জরিমানা
সাধারণ কেউ হলে সহজেই মনের ক্ষোভ উগরে দিতে পারেন। চাঁছাছোলা সমালোচনা করতেও বাধা নেই! কিন্তু তিনি তো সাধারণ কেউ নন। অস্ট্রেলিয়া দলের কোচ। এক দলের কোচ হয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের সমালোচনা করা আইসিসির নিয়মের পরিপন্থী। গত বুধবার ওভাল টেস্ট শুরুর আগে স্টুয়ার্ট ব্রডের কড়া সমালোচনা করে তাই মাশুল গুনতে হচ্ছে ড্যারেন লেম্যানকে। আইসিসি নীতিমালার ২.১.৭ ধারা ভঙ্গের দায়ে অস্ট্রেলিয়ার কোচকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পরশু ওভাল টেস্টের দ্বিতীয় দিনই শাস্তিটা ঘোষণা করেন ম্যাচ রেফারি রোশান মহানামা।
ট্রেন্ট ব্রিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্রডের সেই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। ব্রড আউট থাকলেও আম্পায়ার আলিম দার আউট দেননি। সপ্তাহ খানেক আগে ব্রড বল তাঁর ব্যাটে লাগার কথা স্বীকার করে অস্ট্রেলিয়ানদের জ্বালাটা যেন আরও বাড়িয়ে দিয়েছেন!
সেই ম্যাচে অস্ট্রেলিয়া ১৪ রানে হেরে গিয়েছিল। ব্রড ওই সময় আউট হলে ফল অন্য রকম হতে পারত। অস্ট্রেলিয়ানরা মনে করে, অন্য রকম হতে পারত সিরিজের ফলই। উল্টো এরই মধ্যে অ্যাশেজ জিতে নেওয়া ইংল্যান্ড এগিয়ে ৩-০-তে। গত বুধবার ওভালের শেষ টেস্ট শুরুর আগে তাই ইংলিশ পেসারকে ধুয়ে দেন লেম্যান। অস্ট্রেলিয়ার ট্রিপল এম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কোচ বলেন, ‘অবশ্যই আমাদের খেলোয়াড়েরা ঘটনাটি ভোলেনি। ওটা ছিল নির্লজ্জ প্রতারণা। আশা করি, অস্ট্রেলিয়ানরা তাকে সমুচিত জবাব দেবে (বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় ফিরতি অ্যাশেজে) এবং সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরবে।’ এএফপি।