সমালোচনা করা খুব সহজ, কিন্তু যৌক্তিক সমালোচনা কয়জন করতে পারে? ড্যারেন লেম্যান ঠিক এই প্রশ্নটাই তুলেছেন। ডার্ক ন্যানেসের কথাটা সমালোচনা তো নয়, আসলে তোপ দাগাই। সাবেক অস্ট্রেলিয়ান পেসার স্মিথদের ওপর দারুণ খেপেছিলেন। ওয়াকা টেস্টে রস টেলর ২৯০ রানে আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার কেউ তাঁকে অভিনন্দন জানাননি, ন্যানেস পরে সেটি নিয়ে অভিযোগ করেছিলেন। যদিও টেলর নিজেই বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু ন্যানেসের মতো নিজেদের কেউ যখন খেলোয়াড়ি মানসিকতা ‘জঘন্য’ বলেন, সেটি নিয়ে মাথা না ঘামিয়ে উপায় থাকে না। ওয়াকা টেস্ট শেষেই দেখা গেছে, অস্ট্রেলিয়ার কোচ লেম্যান ন্যানেসের সঙ্গে কথা বলছেন। কাল লেম্যান জানিয়েছেন, সেদিন ন্যানেসের কাছে ওই ঘটনার ব্যাখ্যা চেয়েছিলেন। কিন্তু ঠিকঠাক উত্তর পাননি। লেম্যান তাই বিদ্রূপের স্বরেই বলেছেন, আত্মপক্ষ সমর্থন করতে না পারলে সমালোচনার কোনো মানে নেই! ক্রিকেট অস্ট্রেলিয়া।