লেম্যানের ভাবনায় ফিরতি অ্যাশেজ
হঠাৎ পাওয়া দায়িত্বটা তাঁর কাছেও এসেছিল বড় একটা বিস্ময় হয়ে। মিকি আর্থার ছাঁটাই হওয়ার পর যখন দায়িত্ব পেলেন, দুয়ারে কড়া নাড়ছে অ্যাশেজ। অ্যাশেজে বাজেভাবেই হেরেছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে সিরিজ জিতে একটা ট্রফির ছোঁয়া পেয়েছেন ড্যারেন লেম্যান। এর পরই সবার জানা কথাটাই জানিয়ে দিয়েছেন আবার—তাঁর লক্ষ্য অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ফিরিয়ে আনা।
মাস দুয়েক পরই শুরু হয়ে যাচ্ছে আরেকটি অ্যাশেজ। দেশের মাটিতে হলেও সেটি জিততে যে আরও উন্নতি করতে হবে, সেটি মেনে নিচ্ছেন লেম্যান, ‘আমরা দারুণ আত্মবিশ্বাসী, কিন্তু জানি, কিছু কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে। দেশের মাটিতে কন্ডিশন ইংল্যান্ডের চেয়ে আমাদের পক্ষে বেশি থাকবে। তবে আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’
লেম্যানের এই আত্মবিশ্বাসের উৎসটা নিয়ে অবশ্য কৌতূহল জাগতে পারে। অ্যাশেজে একটি টেস্টও জিততে পারেনি তাঁর দল, পরাজয়ের ব্যবধান আরও বড় হয়নি শেষ টেস্টে ভাগ্যটা পক্ষে ছিল বলে। ওয়ানডে সিরিজটাও জিতেছে ভগ্নশক্তির ইংল্যান্ড দলের বিপক্ষে। তবে মজার ব্যাপার হলো, হতাশার টেস্ট সিরিজ থেকেই ভবিষ্যৎ সাফল্যের রসদ খুঁজে নিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ, ‘শেষ তিন টেস্টে আমরা খুব, খুব ভালো খেলেছি। শুধু ডারহামের দুটি ঘণ্টা ছাড়া। আমাদের স্রেফ আরেকটু ধারাবাহিক হতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জিততে হবে।’
ফিরতি অ্যাশেজ নিয়ে ভাবতে শুরু করেছেন মাইকেল ক্লার্কও। তবে অ্যাশেজের আগে ১০ অক্টোবর থেকে একটি টি-টোয়েন্টি ও সাত ওয়ানডের সিরিজ আছে ভারতে। অ্যাশেজ-ভাবনায় একেবারেই ডুবে না গিয়ে তাই আরেকটা লক্ষ্য নিয়েও ভাবছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘আগে আমাদের মনোযোগ রাখতে হবে ভারতের সাত ওয়ানডেতে। ভারত সিরিজও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা আবার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে চাই।’
১১৫ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুইয়ে, ১২৩ পয়েন্টে শীর্ষে ভারত। হোক ওয়ানডে, সত্যিই র্যাঙ্কিং শীর্ষে উঠতে পারলে অ্যাশেজের আগে ক্লার্কদের আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া লাগবে নিশ্চিত। ওয়েবসাইট।