লেম্যানের ভাবনায় বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ ঘরে ফিরিয়ে আনার অভিযান সফল। ড্যারেন লেম্যানের দৃষ্টি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাটির বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপ একমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট, যেটির শিরোপা পায়নি অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপ ট্রফিটিকে তো নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। এবারের মিশন সেই ট্রফিকে আবার ঘরে রেখে দেওয়া। প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই। পরশু থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপরই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
টেস্ট সিরিজের ভূমিধস বিজয়ে ওয়ানডেতেও ফেবারিট অস্ট্রেলিয়া। আর দলের এই অবিস্মরণীয় ঘুরে দাঁড়ানোর নেপথ্য নায়ক তো ড্যারেন লেম্যানই। মিকি আর্থারের সময়ের ছন্নছাড়া দলটিই লেম্যানের হাতে পড়ে একটা সুখী পরিবার। অনেকের মতে ড্রেসিংরুমের উষ্ণতাই বড় ভূমিকা রেখেছে মাঠের সাফল্যে। অন্যদিকে বাজেভাবে হারের পর ইংল্যান্ড শিবিরে চলছে আকারে-ইঙ্গিতে একে অন্যকে খোঁচা দেওয়া, দোষারোপের পালা। সেই দায়টা চাপছে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের ঘাড়ে। স্বাভাবিকভাবেই দুই কোচকে নিয়ে চলছে তুলনা।
তবে সেই তুলনায় যেতে রাজি নন লেম্যান। অস্ট্রেলিয়ান কোচের ভাবনা নিজের দল নিয়েই, ‘এই আলোচনায় আমাকে টেনে নেওয়া যাবে না। ওদের সমস্যা নিয়ে ওরা ভাববে। আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের প্রস্তুতি নিয়ে ভাবছি। মূল লক্ষ্য অবশ্যই বিশ্বকাপ। ইংল্যান্ডের কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে, সেটি ওরাই নিক।’ ওয়েবসাইট।