লেম্যানের ‘ভণ্ডামি’তে বিরক্ত চ্যাপেল
উল্টো নিজেই বিপাকে ড্যারেন লেম্যান! স্টুয়ার্ট ব্রডকে ‘প্রতারক’ বলে আইসিসির জরিমানা গুনেছেন। কিন্তু এ নিয়ে বিতর্ক চলছেই। লেম্যানের মন্তব্যের কারণে ফিরতি অ্যাশেজে যাতে ব্রড অস্ট্রেলিয়ান দর্শকদের বিরূপ আচরণের শিকার না হন, সে জন্য সব রকম ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ব্রডকে প্রতারক বলার কারণে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেলের কাছ থেকে ‘ভণ্ডামি’র সার্টিফিকেটও পেয়েছেন লেম্যান!ট্রেন্ট ব্রিজে অ্যাশেজের প্রথম টেস্টে আউট হয়েছেন জেনেও ‘ওয়াক’ না করায় ব্রডকে প্রতারক বলেছিলেন লেম্যান। আগামী নভেম্বরে ফিরতি অ্যাশেজে অস্ট্রেলিয়ান দর্শকেরা ব্রডের এই প্রতারণার জবাব দেবে বলেও মন্তব্য করেছিলেন, ‘আমি আশা করছি আগামী গ্রীষ্মেই অস্ট্রেলিয়ান দর্শকেরা এটা কড়ায়-গন্ডায় শোধ করে দেবে এবং ব্রড কেঁদে কেঁদে বাড়ি ফিরবে।’ এই মন্তব্যের কারণে প্রথম কোচ হিসেবে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হয়েছে তাঁকে। গত পরশু ইসিবির এক বিবৃতিতে লেম্যানের এই মন্তব্যকে ‘উসকানিমূলক’ বলে অভিহিত করে বলা হয়েছে, ‘ইসিবি খেলোয়াড়, কর্মকর্তা ও তাদের পরিবারের পাশে আছে এবং কোনো ধরনের প্ররোচনায় বিশ্বাস করে না। সফরে নিরাপত্তার জন্য আমরা সব রকম ব্যবস্থা নেব।’ দুঃখজনক ব্যাপারটা যাতে এখানেই শেষ হয়, সেই আশাও প্রকাশ করেছে ইসিবি।চাইলেই অবশ্য শেষ হচ্ছে না। লেম্যানের মন্তব্যের কারণে ছড়ানো আগুনে ঘি ঢেলেছেন তাঁরই স্বদেশি ইয়ান চ্যাপেল। ‘ওয়াক’ না করার কারণে কেউ যদি প্রতারক হয়, তাহলে এই অপবাদ লেম্যানকেও নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি, ‘আমি চাই না কেউ আমাকে প্রতারক বলুক। কিন্তু লেম্যান যারা ওয়াক করে না, তাদের সবাইকে প্রতারক বলেছে, যার মধ্যে সে নিজেও আছে।’ অস্ট্রেলিয়ানরা শুধু গাড়ি নষ্ট হলেই ‘ওয়াক’ করে, এমন একটা কৌতুকও যেখানে চালু আছে, সেখানে লেম্যানের অভিযোগটাকে ‘ভণ্ডামি’ ছাড়া আর কিছু মনে হচ্ছে না চ্যাপেলের, ‘কেউ ব্যঙ্গ করে বলতে চাইলেও আমি মনে করি, একজন অস্ট্রেলিয়ান হয়ে ওয়াক না করা নিয়ে অভিযোগ করা স্রেফ ভণ্ডামি।’ এএফপি।