লেস্টারের জয়ে ফেঁসে গেলেন তাঁরা

কথাচ্ছলে মানুষ তো কত প্রতিজ্ঞাই করে। কিন্তু সেই কথার কথাটা যখন সত্যি হয়ে যায়, সেই কথা রাখতে পারে কজন! ৩৩ বছর অপেক্ষা করতে হয়নি, হোসাম মিডো এর মধ্যেই কথা রেখেছেন। গ্যারি লিনেকার কি রাখবেন!
রূপকথার মতো শিরোপা জিতে নিয়েছে লেস্টার, আর তাতে দুজনই একটু ‘ফেঁসে’ গেছেন। মিডোর কথাই ধরুন। দুই মাস আগেও যখন লেস্টার শিরোপার জন্য লড়াই জমিয়ে তুলেছে, তখনো ভাবতে পারেননি অবিশ্বাস্য এই কীর্তিটা তারা গড়ে ফেলবে। মিসরের সাবেক স্ট্রাইকার ঘোষণা দিয়েছিলেন, লেস্টার লিগ জিতলে শখ করে রাখা চুল কেটে ফেলবেন। খেলোয়াড়ি জীবনে লম্বা চুলের জন্য আলাদা করে চেনা যেত টটেনহামের সাবেক এই খেলোয়াড়কে। এখন অবশ্য আগের মতো ওই চুল নেই। তারপরও সাধের চুল বিসর্জন দেওয়া তো সহজ কথা নয়। কিন্তু প্রতিজ্ঞা বলে কথা! বিইএন স্পোর্টসের অনুষ্ঠানেই সবার সামনেই মাথা ন্যাড়া করলেন মিডো। লাখ লাখ দর্শক সেটি দেখেছেন টিভিতেই।
কিন্তু লিনেকারের সময় অবশ্য এখনো আসেনি। মিডোর চেয়ে তাঁর কথা রাখাটা অবশ্য বেশ কঠিনই। গত বছরের ডিসেম্বরে যখন সবাইকে অবাক করে লেস্টার শীর্ষে, লিনেকার ঘোষণা দিয়েছিলেন লেস্টার লিগ জিতলে বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’র পরের মৌসুমের প্রথম পর্বে শুধু অন্তর্বাস পরে আসবেন। এরই মধ্যে লেস্টার চ্যাম্পিয়ন হয়ে গেছে, লিনেকার ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানেও এসেছেন। কিন্তু ধোপদুরস্ত হয়ে, শার্ট-প্যান্ট সমেত! ইংল্যান্ডজুড়েই এখন ফিসফাস, লিনেকার কথা রাখবেন তো? এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও লিনেকারকে তাঁর প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়েছেন! গোলডটকম, মিরর।