লো চাইবেন গুয়াদালহারা দেশম গটেনবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়াকিম লো
জোয়াকিম লো

গ-এ গুয়াদালহারা৷ গ-এ গটেনবার্গ৷ আগামী শুক্রবার ফিরে আসছে কোনটা? ‘কে হতে চায় কোটিপতি’র হট সিটে বসে থাকলে পর্দায় ভেসে আসা অপশনগুলোর মধ্যে জোয়াকিম লো গুয়াদালহারাই বেছে নিতেন নির্ঘাৎ৷ আর দিদিয়ের দেশম? চোখ বুজে চেপে দিতেন গটেনবার্গ লেখা বাটন৷ আর আপনি নিরপেক্ষ সমর্থক হয়ে থাকলে, এরই মধ্যে সারা বিশ্বে হৃদ্রোগীর সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া এই বিশ্বকাপের রোমাঞ্চে বুঁদ হয়ে থাকলে, ৯০-এর বদলে ১২০ মিনিটের থ্রিলারে বেশি মজা পেলে; আপনি বলবেন, হলে সেভিয়াই হোক না কেন!
দুটি পড়শি বাড়ির মতো প্রতিবেশী দুই দেশ ফ্রান্স ও জার্মানি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল তিনবার৷ ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের গুয়াদালহারার সেমিফাইনালে ২-১ গোলে জিতেছিল জার্মানি৷ ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে গটেনবার্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জ্যঁ ফন্টেইনের এক হালি গোলে ফ্রান্স জিতেছিল ৬-৩ গোলে৷ তবে রোমাঞ্চের দিক দিয়ে ১৯৮২ স্পেন বিশ্বকাপ ছাপিয়ে গিয়েছিল বাকি দুই ম্যাচ৷ খেলার ২৬ মিনিটেই ১-১৷ শুরুর দিকেই ২ গোল বুঝতে দেয়নি ৯০ মিনিট পর্যন্ত ওই ১-১-ই থাকবে৷ অতিরিক্ত সময়ে ৯২ ও ৯৮ মিনিটে দুই গোল করে ফ্রান্স এক পা দিয়ে রাখল ফাইনালে৷ ১০২ ও ১০৮ মিনিটে দুই গোল করে ফরাসিদের সেই পা টেনে ধরে ছিটকে দিল জার্মানি৷ শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে জার্মানির ৫-৪ গোলের জয়৷

দিদিয়ের দেশম
দিদিয়ের দেশম

২৮ বছর পর আবার বিশ্বকাপে মুখোমুখি দুই দল৷ সেভিয়ার সেই ম্যাচটির কথা মনে আছে বলেই কিনা, দিদিয়ের দেশম হয়ে যাচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সেই কর্তার মতো৷ সাধ্যের বাইরে গিয়ে একটা গাড়ি কেনার স্বপ্ন দেখছেন ঠিকই, কিন্তু সেই স্বপ্নের অলিতে-গলিতে ভয়ের চোরকাঁটা বিছানো! ফাইনালে যাওয়ার স্বপ্নটা জার্মান-দেয়ালে ধাক্কা খেয়ে থমকে আছে আপাতত৷
বেকেনবাওয়ারের পর কোচ-অধিনায়কের ভূমিকায় বিশ্বকাপ জেতার কীর্তির বেশ কাছাকাছি গিয়েও দেশম তাই বলছেন, ‘আমি বাস্তববাদী৷ খেলোয়াড়দের মতো আপাতত আমারও তাই লক্ষ্য শুধু শুক্রবারের ম্যাচটি৷ এর বেশি দূর ভেবে আপাতত লাভ নেই৷ স্বপ্ন সবাই দেখতে পারি৷ আমিও দেখি৷ কিন্তু আমি বাস্তববাদী, কাজে বিশ্বাসী৷ আপাতত আমাদের লক্ষ্য তাই শুধুই শুক্রবার৷’
দুই দল আবার মুখোমুখি বলেই ফিরে আছে ১৯৮২ বিশ্বকাপে হ্যারল্ড শুমাখারের সেই ‘কীর্তি’ও৷ জার্মান গোলরক্ষক প্রায় মৃত্যুমুখে ঠেলে দিয়েছিলেন ফ্রান্সের প্যাট্রিক বাতিস্তনকে৷ শুমাখারের মারাত্মক ফাউলে তিনটি দাঁত হারিয়ে বেহুঁশ হয়ে পড়েছিলেন বাতিস্তন৷ এসব নিয়ে অবশ্য কথা বলতে রাজি হলেন না দেশম, ‘এ নিয়ে কথা বলার দরকারটা কী? এই খেলোয়াড়দের তো তখনো জন্মই হয়নি!’ তথ্যসূত্র: এএফপি৷