লোকটিদের কাণ্ডে ক্ষমা চাইল যুক্তরাস্ট্র

কোথাকার জল কোথায় গড়াল! রিওর রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে তোলপাড় ফেলে দিয়েছিলেন রায়ান লোকটিরা। অথচ এখন জানা যাচ্ছে, নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য এসব গল্প ফেঁদেছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু। লোকটির অন্য তিন সতীর্থ বৃহস্পতিবার সেটি স্বীকার করেছেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটিও ক্ষমা চেয়েছে রিও অলিম্পিকের আয়োজক ও ব্রাজিলিয়ানদের কাছে।
ঘটনার শুরু গত রোববার। একটা পার্টি থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু লোকটি । সঙ্গে ছিলেন তাঁর তিন সতীর্থ জ্যাক কঙ্গার, গুনার বেঞ্জ ও জেমস ফেইগেন।
কিন্তু এরপর ঘটনা মোড় নিতে শুরু করে অন্যদিকে। পুলিশের কাছে দেওয়া চারজনের বক্তব্যে ধরা পড়ে অসংগতি। লোকটি একজন ছিনতাইকারীর কথা বললেও ফেইগেন জানিয়েছেন, ছিনতাইকারী ছিল কয়েকজন। পরে একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কথিত ছিনতাইয়ের পর চারজন হাসতে হাসতে অলিম্পিক ভিলেজে ঢুকছেন। মুঠোফোন-মানিব্যাগ ছাড়া বাকি সব ছিনতাইকারীরা নিয়ে গেছে দাবি করলেও তাঁদের কাছে অন্য সব মূল্যবান জিনিস ছিল, সেটিও দেখা গেছে। অলিম্পিকের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক চারজনের পাসপোর্ট জব্দ করে চারজনকেই আটক করার নির্দেশ দিলেন। কিন্তু লোকটি ততক্ষণে চলে গেছেন যুক্তরাষ্ট্রে। বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে আটক করা হয়েছে কঙ্গার ও বেঞ্জকে। ফেইগেন আগে থেকেই রিওতে ছিলেন।
গতকাল রিও পুলিশ জানিয়েছে, ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা স্বীকার করেছেন, একটা গ্যাস স্টেশনে নিজেদের অপকর্ম ঢাকতেই ওই মিথ্যা গল্প ফাঁদা হয়েছিল। পার্টি থেকে ফেরার পর এক গ্যাস স্টেশনে গাড়ি থামিয়েছিলেন চারজন। সেখানে বাথরুম ভাংচুর করার পর দুই নিরাপত্তাকর্মীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁদের। ওই দুজন লোকটিদের পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত ৫০ ডলার জরিমানা দিয়ে চলে আসেন সাঁতারুরা।
ব্রাজিলের পুলিশ অবশ্য এই তিনজনের বিরুদ্ধে আর কোনো অভিযোগ আনেনি। তবে পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি। ওই কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,‘ এমন একটি আয়োজনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ক্ষমা চাইছি অলিম্পিক কর্তৃপক্ষ ও ব্রাজিলের জনগণের কাছে।’ পরে অলিম্পিক আয়োজক কমিটির মুখপত্র মারিও আন্দ্রাদা আভাস দেন, এই চারজনের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ আনা হবে না। আপাতত কমিটির শাস্তি থেকে হয়তো বেঁচে যাবেন চারজন। কিন্তু রিওর পুলিশ কি তাঁদের বিপক্ষে অভিযোগ প্রত্যাহার করবে কি না সেটাই এখন দেখার।