লোপেজের দলে নতুন মুখ জনি
কিরগিজস্তানে খেলে আসা ২৩ জনের সঙ্গে আরও সাতজনকে ডেকেছিলেন প্রাথমিক দলে। সেখান থেকে তাজিকিস্তান সফরের জন্য ২৩ জনের দলটা বেছে নিলেন ফাবিও লোপেজ। কিরগিজস্তান সফরে ছিলেন না এমন ছয়জনকে তাজিকিস্তান ম্যাচের স্কোয়াডে রেখেছেন জাতীয় দলের কোচ। চোট কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার নাসির উদ্দিন, ইয়াসিন ও কেষ্ট কুমার ও সোহেল রানা।
এ ছাড়া মোহামেডানের গোলরক্ষক আশরাফুল রানা ও একই দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনি আছেন এই দলে। কিরগিজস্তান সফরের আগে লোপেজের ৪১ জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। ২৩ জনের স্কোয়াডে এলেন এই প্রথম। লোপেজের দলে তাই নতুন মুখ শুধু জনিই।
কিরগিজস্তান ম্যাচের দল থেকে অসুস্থতার কারণে বাদ পড়েছেন তিনজন। মিডফিল্ডার জুয়েল রানার জন্ডিস, ডিফেন্ডার মিশুর চোট এবং রেজাউলের জ্বর। তা ছাড়া গোলরক্ষক হিমেলকে বিবেচনা করেননি লোপেজ। মোহামেডানের লেফট ব্যাক ফয়সালকে হঠাৎ ক্যাম্পে ডাকলেও চূড়ান্ত দলে রাখেননি। দুই হলুদ কার্ডে ১৩ নভেম্বরের তাজিকিস্তান ম্যাচটা খেলতে পারবেন না ডিফেন্ডার তপু বর্মণ ও মিডফিল্ডার রাজু।
কাল টার্ফে অনুশীলনের সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের বলেছেন, ‘তোমরা আমাকে ফল দাও। তাহলে ফুটবল নিয়ে এগিয়ে যাওয়ার পথটা আমাদের মসৃণ হবে।’ খেলোয়াড়েরাও বাফুফে সভাপতিকে ‘ভালো কিছু’র প্রতিশ্রুতি দিলেন।
২৩ জনের দল: সোহেল, লিটন,আশরাফুল রানা, রায়হান, ইয়াছিন, ইয়ামিন, নাসির উদ্দিন, ওয়ালি ফয়সাল, কেষ্ট কুমার, নাসিরুল, ইমন, জনি, সোহেল রানা, জামাল, হেমন্ত, মামুনুল, শাহেদ, কোমল, ফয়সাল মাহমুদ, সজীব, তকলিচ, শাখাওয়াত রনি, জীবন।