লোর আজীবনের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে সব সময়ের মতো সেই কালো শার্ট। তার চেয়েও বেশি অন্ধকার অবশ্য চোখে-মুখে। ম্যাচজুড়ে গুমোট মুখে ডাগ-আউটে মৃদু পায়চারি।মুখে হাসির লেশমাত্র নেই। এমনকি মারিও গোটশের গোলে যখন নেচে উঠল গোটা জার্মানি, তখনো মুখ পাথুরে। দুঃস্বপ্নের স্মৃতি তো আর কম নেই! শেষ বাঁশি বাজার পরই কেবল হাসলেন জোয়াকিম লো। আকর্ণ বিস্তৃত হাসি। উচ্ছ্বাস, আনন্দ, তার চেয়েও অনেক বেশি স্বস্তি!

এই হাসির সন্ধানে ছুটছেন তিনি ৮ বছর ধরে। ৮ বছর! একটি জাতীয় দলের কোচের জন্য অনেক লম্বা সময়। জার্মানি ভরসা রেখে গেছে তাঁর ওপর। তিনিও হার না মেনে লড়াই চালিয়ে গেছেন। ২০০৬ বিশ্বকাপের পর ইয়ুর্গেন ক্লিন্সমান দায়িত্ব ছাড়লে নিয়োগ পান লো। প্রাথমিকভাবে চুক্তি ছিল ২০০৮ ইউরো পর্যন্ত। দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছিলেন জার্মানিকে ইউরো জেতানোর। কিন্তু ভিয়েনার ফাইনালে জার্মানিকে হারিয়েই বিশ্ব ফুটবলে উদিত হয়েছিল স্প্যানিশ সাম্রাজ্যের সূর্য। দুই বছর পর সেই সূর্য যখন মধ্যগগনে, জার্মানি পুড়ল বিশ্বকাপের সেমিফাইনালে। উরুগুয়েকে হারিয়ে পরে জুটল টানা দুটি বিশ্বকাপে তৃতীয় হওয়ার যন্ত্রণাময় সান্ত্বনা। দুই বছরের চুক্তিতে কাজ শুরু করা লোর বিরুদ্ধে তখন সমালোচকদের কণ্ঠ উচ্চকিত হতে শুরু করেছে।

সমালোচনার শূলে চড়ানো শুরু আরও দুই বছর পর। ২০১২ ইউরোতে স্পেনের সঙ্গে দেখা হওয়ার আগেই বিদায়। এবার সেমিফাইনালে পুড়তে হলো মারিও বালোতেল্লি নামের খ্যাপাটে এক স্ট্রাইকারের ফুটবলীয় প্রতিভার আঁচে। লোর দল নির্বাচন, বড় ম্যাচে কৌশল নিয়ে বিরক্ত জার্মান ফুটবলের অনেক রথী-মহারথীও বলেছিলেন ‘এনাফ ইজ এনাফ।’ কিন্তু দেশের ফুটবল ফেডারেশনের তখনো লোর ওপর ‘এনাফ’ ভরসা ছিল। সেটার প্রতিদান মিলল এবার।

এবারও বিশ্বকাপের আগে সমালোচনা কম শুনতে হয়নি। ফিটনেস ইস্যুতে দেশে রেখে এসেছেন মারিও গোমেজ ও​ মার্সেল স্মেলজারকে। ফিটনেস-সমস্যা থাকার পরও আবার সঙ্গে এনেছেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও স্যামি খেদিরাকে। শেষ পর্যন্ত লোই ঠিক প্রমাণ হয়েছেন, বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন শোয়েইনি ও খেদিরা। টুর্নামেন্টের মাঝপথে দীর্ঘদিন আঁকড়ে রাখা ৪-২-৩-১ ফর্মেশন বদলে বেছে নিলেন ৪-৩-৩। যথারীতি সমালোচনায় বিদ্ধ হয়েছেন। কিন্তু সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হননি। মিডফিল্ড​ থেকে ফিলিপ লামকে আবার রাইটব্যাকে নামিয়ে এনেছেন।একশর ​বেশি ম্যাচ খেলা ডিফেন্ডার পার মার্টেসেকারকে বসিয়ে দিতে দ্বিধা করেননি। মিরোস্লাভ ক্লোসাকেও ব্যবহার করেছেন দারুণভাবে।চোটের কারণে না থাকা রয়েস-গুন্ডোয়ান-বেন্ডারদের অভাব একটু বোঝা যায়নি মাঠে, দলকে সেই বিশ্বাসটা দিতে পেরেছিলেন লো।বদলি আন্দ্রে শুরলেকে কাজে লাগিয়েছেন সময়মতো। মারিও গোটশেকে বিশ্বাস জুগিয়েছেন মেসির চেয়েও সেরা বলে। দল তাঁকে এনে দিয়েছে ট্রফি। তিনি জার্মানিকে উপহার দিয়েছেন সেই বহুকাঙ্ক্ষিত শিরোপা।

যদিও কৃতিত্ব নিজে নিচ্ছেন সামান্যই, ‘দলের সবাই নিজেদের সর্বস্ব ঢেলে দিয়েছে। ম্যাচের আগেই আমি ওদের বলেছিলাম, আজ সেরার চেয়েও বেশি দিতে হবে। ব্রাজিলে, বিশ্ব ফুটবলের তীর্থ মারাকানায় বিশ্বকাপ জিততে পেরে আমরা গর্বিত। যতটা চাপ ছিল আমাদের ওপর, আবেগের যত ছড়াছড়ি, সব মিলিয়ে এখনো খুশির মাত্রাটা বুঝে উঠতে পারছি না। তবে এই আনন্দ, এই খুশি টিকে থাকবে চিরদিন।’

সুখের দিনে অতীতকে কিন্তু ভুলে যাননি লো। দীর্ঘমেয়াদি যে যুব প্রকল্পের হাত ধরে আজকের এই সাফল্য, সেটা ঠিকই মনে করিয়ে দিয়েছেন, ‘আজকের এই সাফল্যের ভিত গড়া হয়েছিল ইয়ুর্গেন ক্লিন্সমানের সঙ্গে, সেই ১০ বছর আগে। সেটার সুফল আমরা পেয়েছি। প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে লাতিন আমেরিকায় জয় সত্যিই বিশেষ কিছু।’

মওকা পেয়েও অবশ্য লো সমালোচকদের কোনো জবাব দেননি। দরকারই বা কী? তাঁর সাফল্যই তো দিচ্ছে জবাব! এএফপি, রয়টার্স, ফিফাডটকম, গোলডটকম, ইএসপিএন, ইয়াহু স্পোর্টস ও বিবিসি।