লো-তাবারেজ দুজনই খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন জয়ী দলের কোচ, আরেকজন পরাজিত দলের। অথচ ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সেটা বোঝারই উপায় ছিল না! দুজনের বলা কথা থেকে ‘আমরা জিতেছি’ আর ‘আমরা হেরেছি’ শব্দ দুটি বাদ দিলে মনে হবে দুজনই বুঝি জয়ী দলের কোচ!দলের পারফরম্যান্সে জার্মান কোচ জোয়াকিম লো এবং উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ দুজনই খুশি। স্বপ্নভঙ্গ তাঁদের হয়েছে সেমিফাইনালে হারের মধ্য দিয়েই। পরশু রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে লো, তাবারেজ দুজনই গিলেছেন তৃপ্তির ঢেকুর। ৩২ দলের লড়াইয়ে তৃতীয়, চতুর্থ হওয়াটাই বা কম কী! শিরোপা-স্বপ্ন পূর্ণ না হলেও জার্মানি এবারও তাদের বিশ্বকাপ মিশন শেষ করেছে তৃতীয় হয়ে। কোচ জোয়াকিম লোর কণ্ঠে সেই তৃপ্তি, ‘আমরা খালি হাতে ফিরে যাচ্ছি না। দল তৃতীয় হয়ে শেষ করেছে। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলে ভালো ফলই অর্জন করেছে তারা।’ এ তো গেল জয় এবং প্রাপ্তির কথা। ম্যাচ সম্পর্কে লো বলেছেন, ‘উভয় পক্ষই জয় চেয়েছে। দুই দলই দারুণ কিছু সুযোগ পেয়েছে। যখনই পিছিয়ে পড়েছি, আমরা এই দলের শক্তিটা দেখেছি। তাদের ঘুরে দাঁড়ানো দেখে আমি খুশি। এই জয় আমাদেরই পাওনা।’উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান অর্জন করা জয় নিয়েই শুধু নয়, পুরো টুর্নামেন্টেই দলের পারফরম্যান্সে সন্তুষ্ট লো, ‘আপনি পুরো টুর্নামেন্টের দিকে তাকালে দেখবেন, তারা লড়াই করেছে এবং আমরা এই ফলে সন্তুষ্ট। আমরা এই ভেবে গর্ব করতে পারি যে দল চেষ্টা করেছে। দলকে ক্রমাগত উন্নতি করতে দেখে আমরা আশাবাদী হতেই পারি।’এই বিশ্বকাপ জার্মানির জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন তিনি, ‘আমরা জানতাম, জয় দিয়ে শেষ করাটা হবে গুরুত্বপূর্ণ। সকার সিটিতে (ফাইনাল) যাওয়াটাই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু তৃতীয় হওয়াটাও অনেক আনন্দের। এই বিশ্বকাপ সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।’উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ বলছেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দিয়ে বিশ্ব ফুটবল নতুন করে চিনল উরুগুয়েকে। জার্মানদের সঙ্গে সমানে সমানে লড়াই করা গেছে, এতেই তিনি খুশি, ‘দারুণ একটি দলের বিপক্ষে সমপর্যায়ের ফুটবল খেলে আমরা আমাদের পরিকল্পনা ও সংকল্পটা দেখাতে পেরেছি। দেখাতে পেরেছি, বিশ্বের যেকোনো দলের বিপক্ষেই আমরা খেলতে পারি। এর চেয়ে বেশি চাওয়া আর কী হতে পারে! আমরা হেরেছি, কিন্তু জিততেও পারতাম।’ শুধু তাবারেজ নন, ফোরলান-সুয়ারেজদের নজরকাড়া নৈপুণ্যে খুশি উরুগুয়ের মানুষও। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে ফিরে দেশবাসীর পক্ষ থেকে বড় ধরনের সংবর্ধনাই পাবে উরুগুয়ে দল। দেশবাসীর ধন্যবাদ যে দক্ষিণ আফ্রিকা বসেই পেতে শুরু করেছেন তাঁরা। উরুগুয়ের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণাও দিয়েছেন কোচ। রয়টার্স, ওয়েবসাইট।