লো তাহলে মিথ্যুক!
মাইকেল বালাকের রাগটা পড়ছেই না। ‘মাইকেল বালাক জার্মানি জাতীয় দলে আর থাকবে না, তার সঙ্গে আমার কথা হয়েছে’—জোয়াকিম লোর এই কথা জার্মানির সাবেক অধিনায়ককে ক্ষুব্ধ করেছে। অপমানিত বোধ করেছেন তিনি। নিজের সাবেক কোচকে ‘মিথ্যাবাদী’ই বলে দিয়েছেন বেয়ার লেভারকুসেনের মিডফিল্ডার।একজন কোচ যেকোনো খেলোয়াড়কেই দল থেকে বাদ দিতে পারেন, মুছে দিতে পারেন পরিকল্পনা থেকে। এতে সত্য-মিথ্যার কী আছে? বালাক ব্যাখ্যা করেছেন সেই বিষয়টিই। লো যে তাঁর সঙ্গে কথা বলার দাবি করেছেন, বালাকের আপত্তি এখানেই। চোটের কারণে এক বছরের বেশি সময় ধরে জার্মানি দলের বাইরে ছিলেন। সেই সময়ে তো বটেই, সাম্প্রতিক সময়েও নাকি কোচ বালাককে বলে এসেছেন, তাঁর পরিকল্পনাতে আছেন তিনি।এখন সে কথাই উল্টে ফেললেন লো। কোচের কথা শুনে অবাক বালাকের প্রশ্ন, তাহলে আগের কথাগুলো কেন বলেছিলেন তিনি? ‘আমার ক্যারিয়ার শেষ, এমন কোনো কথা কোচ আগে কখনো বলেননি। এটা একদমই সত্যি নয়। তাঁর সঙ্গে ঠিক এর উল্টো কথাই হয়েছে আমার। তিনি বরং সব সময় বলতেন, আমি ঠিক পথেই আছি। চোট থেকে যখন সেরে উঠছিলাম তখন বলতেন, আমি আবার জাতীয় দলে ফিরতে পারি।’কোচের এমন আশ্বাসের পরও চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক তারকা জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন গত মাসেই। এ নিয়ে জার্মানির ফুটবল ফেডারেশন (ডিএফবি) কর্তাদের সঙ্গেও তাঁর কথা হয়েছে। গ্রীষ্মের ছুটিতেই বালাকের অবসরের ঘোষণা দেওয়ার ব্যাপারটা ঠিক হয়ে ছিল।এ রকম অবস্থার পরও লো নিজে থেকে আগাম ঘোষণা দিয়ে দিলেন! বালাক অপমানিত বোধ করতেই পারেন। আর এই অপমানে লো যে তাঁকে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলেন, ফিরিয়ে দিয়েছেন সেটাও। রয়টার্স, ওয়েবসাইট।