লোকুয়ারাচ্চির দোষ স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌশল লোকুয়ারাচ্চি
কৌশল লোকুয়ারাচ্চি

শুধু বিপিএল স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথাই স্বীকার করেননি মোহাম্মদ আশরাফুল, খুলে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার এক জগতের দরজাও। কাল বিশ্বস্ত সূত্রে জানা গেল, বিপিএলের স্পট ফিক্সিং হচ্ছে জেনেও সেটি গোপন করার অভিযোগ স্বীকার করেছেন আরও এক ক্রিকেটার। তিনি শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চি।

গত আগস্টে মোট ৯ জনের বিরুদ্ধে বিপিএল ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ (আকসু)। এর মধ্যে সাবেক ও বর্তমান মিলিয়ে ক্রিকেটার ৬ জন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ আশরাফুল, মোশাররফ হোসেন, মাহবুবুল আলম ও সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। দুই বিদেশি ক্রিকেটারের মধ্যে শ্রীলঙ্কার লোকুয়ারাচ্চি ছাড়াও আছেন ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স। অন্য তিন অভিযুক্ত হলেন ঢাকা গ্ল্যাডিয়েটরস ফ্র্যাঞ্চাইজির মালিক সেলিম চৌধুরী ও তাঁর ছেলে শিহাব চৌধুরী এবং একই ফ্র্যাঞ্চাইজির ভারতীয় প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াত।

সূত্র জানিয়েছে, অভিযুক্ত ৯ জন হলেও সবাই অভিযোগের জবাব দেননি। তবে জবাব না দিলেও তাঁরা ট্রাইব্যুনালের সামনে হাজির হয়ে নিজেদের বক্তব্য দিতে পারবেন। আবার অভিযুক্ত হয়েও এখনই ট্রাইব্যুনালের সামনে নাও আসতে পারেন মোহাম্মদ আশরাফুল বা তাঁর আইনজীবী। আগেই দোষ স্বীকার করায় তিনি আপিল করবেন শাস্তি হওয়ার পর। একটি সূত্র অবশ্য জানিয়েছে, অভিযোগের জবাবে ট্রাইব্যুনালের কাছে লঘু শাস্তি প্রদানের অনুরোধ জানিয়ে রেখেছেন আশরাফুল।

আশরাফুলসহ বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে সরাসরি ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ থাকলেও দুই বিদেশির বিরুদ্ধে সেরকম অভিযোগ নেই। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিপিএলে স্পট ফিক্সিং হচ্ছে জেনেও তাঁরা সেটি গোপন করেছেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি। ড্যারেন স্টিভেন্স এই অভিযোগ অস্বীকার করলেও লোকুয়ারাচ্চি সেটি স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

অভিযুক্তদের আপিলের ওপর প্রাথমিক শুনানি শুরু হবে আজ। তার আগে কাল ট্রাইব্যুনাল প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ট্রাইব্যুনালের গুলশানস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন তাঁদের কর্মপরিকল্পনা।

গত ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদকে শৃঙ্খলা প্যানেলের প্রধান হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এরপর ১০ নভেম্বর প্যানেলের তিন সদস্য সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, আজমামুল হোসেন কিউসি এবং সাবেক ক্রিকেটার শাকিল কাসেমকে নিয়ে গঠিত হয় ট্রাইব্যুনাল।

ট্রাইবু্যুনাল কাজ শুরু করে দিলেও বিপিএলে ফিক্সিংয়ের অন্যতম অভিযুক্ত ঢাকা গ্ল্যাডিয়েটরস ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ প্রশ্ন তুলেছে আকসুর তদন্ত প্রক্রিয়া নিয়েই। আইসিসি ও বিসিবিকে পক্ষ করে তারা একটি মামলাও দায়ের করেছে। কিন্তু কাল ট্রাইব্যুনাল প্রধান বললেন, ‘জানি না কী করে মামলা হয়। এটা হতে পারে না। আমরা নোটিশ দিয়েছি। নোটিশ তাঁরা পেয়েছেন। তাঁরা ট্রাইব্যুনালে আসতে বাধ্য। তাঁরা না এলে আইন তার নিজস্ব গতিতে চলবে।’ এ প্রসঙ্গে পরে আরেকবার বলেছেন, ‘তদন্ত রিপোর্ট আমাদের কাছে আছে। আমরা তাঁদের নোটিশ দিয়েছি। তাঁরা যদি না আসেন, তবু প্রক্রিয়া চলবে।’

ট্রাইব্যুনালের কাজ শেষ করার জন্য কোনো বাঁধাধরা সময় না থাকলেও সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘আমরা খুব দ্রুতই নিষ্পত্তি করব। প্রাথমিক শুনানি আগামীকাল (আজ) থেকে শুরু হবে। এরপর চূড়ান্ত শুনানি।’ শুনানির পর ট্রাইব্যুনালের দেওয়া শাস্তির বিরুদ্ধে শৃঙ্খলা প্যানেলের প্রধানের কাছে আপিল করতে পারবেন অভিযুক্ত ব্যক্তিরা। সেখানেও শাস্তি বহাল থাকলে তাঁদের আপিল করার সুযোগ আছে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশনে। অভিযুক্ত ব্যক্তিরা সশরীরে কিংবা আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালের সামনে হাজির হতে পারবেন।

ট্রাইব্যুনালের কাজ দেশের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের প্রধান বলেছেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন আমাদের পরিচালনা করবে না। আমাদের রুলস আছে, প্রসিডিউর আছে। কোনো অসুবিধা হলে আমরা নিজেরাই প্রসিডিউর করে নেব।’ ট্রাইব্যুনাল যেহেতু ক্রিকেট খেলার নিয়ম ভাঙার অপরাধ নিয়ে কাজ করবে, ক্রিকেটের নিজস্ব নিয়ম অনুযায়ীই সেটি হবে বলে জানিয়েছেন তিনি, ‘এটা চুক্তিভঙ্গ জনিত শৃঙ্খলার ব্যাপার। খেলার নিয়মকানুন ভঙ্গের জন্য আদালতে গড়ানোর নিয়ম কোথাও নেই। তদন্ত হবে নিজস্ব ট্রাইব্যুনালে।’