লোক্টিদের জন্য যুক্তরাষ্ট্রের লজ্জা

বিমানবন্দরে ঢুকতেই চারদিক থেকে ভেসে আসছিল দুয়োধ্বনি। ‘মিথ্যুক, প্রতারক’—এমন সব শব্দও। গুনার বেঞ্জ ও জ্যাক কঙ্গার অপবাদ মাথায় নিয়েই একরকম চোরের মতো উঠে গেলেন বিমানে। আনুষ্ঠানিক কোনো শাস্তি পাননি, কিন্তু যে লজ্জা তাঁরা বয়ে নিয়ে গেলেন অলিম্পিক থেকে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে তা সহজেই মুছবে বলে মনে হয় না।
যুক্তরাষ্ট্রের চার সাঁতারুকে নিয়ে যা হলো, সেটা হলিউডি চলচ্চিত্রের জম্পেশ একটা চিত্রনাট্য হতে পারে। রিওর রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে তোলপাড় ফেলে দিয়েছিলেন রায়ান লোক্টিরা। আর পরে কিনা জানা গেল, নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য এসব গল্প ফেঁদেছেন যুক্তরাষ্ট্রের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু। লোক্টির অন্য তিন সতীর্থ বৃহস্পতিবার সেটি স্বীকার করেছেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি (ইউএসওসি) ক্ষমা চেয়েছে রিওর আয়োজক কমিটি ও ব্রাজিলিয়ানদের কাছে। লিখিত বিবৃতিতে জানিয়েছে, অলিম্পিকের উৎসবে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যুক্তরাষ্ট্র দুঃখিত।
গত রোববার একটা পার্টি থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন দাবি করে শোরগোল ফেলে দেন রায়ান লোক্টি। সঙ্গে ছিলেন তাঁর তিন সতীর্থ জ্যাক কঙ্গার, গুনার বেঞ্জ ও জেমস ফেইগেন। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। পুলিশের কাছে দেওয়া চারজনের বক্তব্যে ধরা পড়ে অসংগতি। লোক্টি একজন ছিনতাইকারীর কথা বললেও ফেইগেন জানান ছিনতাইকারী ছিল কয়েকজন। পরে সিসিটিভি ফুটেজ দেখায়, কথিত ছিনতাইয়ের পর চারজন হাসতে হাসতে অলিম্পিক ভিলেজে ঢুকছেন। মুঠোফোন-মানিব্যাগ ছাড়া বাকি সব ছিনতাইকারীরা নিয়ে গেছে দাবি করলেও তাঁদের কাছে সবকিছুই ছিল।
অলিম্পিকের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক চারজনের পাসপোর্ট জব্দ করে আটক করার নির্দেশ দেন। কিন্তু লোক্টি ততক্ষণে উড়ে চলে গেছেন যুক্তরাষ্ট্রে! বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে আটক করা হয় কঙ্গার ও বেঞ্জকে। ফেইগেন রিওতেই ছিলেন। গতকাল ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ। তিনজনই স্বীকার করেন, একটা গ্যাস স্টেশনে নিজেদের অপকর্ম ঢাকতেই ওই মিথ্যা গল্প ফাঁদেন তাঁরা। পার্টি থেকে ফেরার পথে একটা গ্যাস স্টেশনে গাড়ি থামিয়েছিলেন। বাথরুম ভাঙচুর করলে সেখানকার নিরাপত্তাকর্মীরা চারজনকে পুলিশে দেওয়ার চেষ্টা করেছিলেন। তখন নিরাপত্তাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় চার সাঁতারুর। ৫০ ডলার জরিমানা দিয়ে তবেই তাঁদের ফিরতে হয় ভিলেজে।
পুলিশ অবশ্য এখনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি। কঙ্গার ও বেঞ্জ ফিরে গেছেন দেশে, ফেইগেনেরও চলে যাওয়ার কথা। তবে এবিসি টেলিভিশনের ভাষ্য, পুলিশি ঝামেলা থেকে রেহাই পেতে ফেইগেন ১১ হাজার ডলার দান করেছেন দাতব্য তহবিলে। কিন্তু যুক্তরাষ্ট্র লজ্জার হাত থেকে তো রেহাই পেল না! এএফপি।