লোডশেডিংয়ে টেবিল টেনিস
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামের বারান্দায় ব্যাট আর পিংপং বল হাতে অনুশীলন করছিল বিকেএসপির প্রথম ব্যাচের টেবিল টেনিস খেলোয়াড় ইমরুল, ইমন, তামিম, রিয়াদরা। কিন্তু লোডশেডিংয়ে জিমনেসিয়ামের ভেতর তখন অসহ্য গরম। অনুশীলন করার উপায় কী?প্রায় দুই ঘণ্টা পর বিদ্যুৎ এলে তবেই শুরু হলো খেলা। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ঠিকমতো কাজ না করায় দরদরিয়ে ঘামছিল খেলোয়াড়েরা। এসব নিয়ে অবশ্য কোনো মাথাব্যথাই নেই ফেডারেশনের। তবে ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাইদুল হক (সাদী) জানালেন, ‘আমরা গত ৯ তারিখে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) বরাবর চিঠি দিয়েছি যাতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয়। তারা আশ্বাস দিয়েছিল, এমনটা হবে না।’ কিন্তু বাস্তবতা হলো এরপরও লোডশেডিংয়ে বিঘ্নিত হলো খেলা। ১৫৮ জন খেলোয়াড় নিয়ে কাল শুরু হয়েছে লোটো উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট। কাল প্রথম দিনে বালক অবাছাইয়ে ডিপিএসের জাভেদ সানিডেলের রকিনকে, বিকেএসপির প্লাবন আরমানিটোলার রায়হানকে, বিকেএসপির মৃত্যুঞ্জয় বান্দরবানের রেং টংকে, সানিডেলের তাহসিন ধানমন্ডি টিউটোরিয়ালের তাহমিদুলকে, বান্দরবানের পাওম বোম ধানমন্ডির আরেফিনকে, সানিডেলের রাসিক ধানমন্ডির ইসমাইলকে, সানিডেলের রাকিন ধানমন্ডি টিউটোরিয়ালের সিফাতকে এবং সিদ্দিক ইন্টারন্যাশনালের অমি বান্দরবানের মংলা চিং চককে হারিয়েছে। আজ পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক ও অবাছাই এককের খেলা গুলো হবে। কাল প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন ফেডারেশনের কর্মকর্তা জোবেরা রহমান (লিনু), পৃষ্ঠপোষক লোটোর কর্মকর্তা কাজী জামিল ইসলামসহ অন্যরা।