লোডশেডিংয়ের মধ্যে ফ্লাডলাইটে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ কোন আজব খেল! ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কিন্তু রাত হলেই ঝলমল করে ওঠে স্টেডিয়াম। বিদ্যুৎ অপচয় করে কিসের ফুটবল?’—সিলেট স্টেডিয়াম-সংলগ্ন লামাবাজারের বাসিন্দা স্কুলশিক্ষক লায়েছ মিয়া বলছিলেন ক্ষুব্ধ কণ্ঠে।গত ১২ আগস্ট থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হয়েছে ১১ দিনব্যাপী ‘মিলাদ ড্রিঙ্কিং ওয়াটার ফুটবল টুর্নামেন্ট’। প্রতি রাত ১০টায় ফ্লাডলাইটের আলোয় খেলা শুরু, ম্যাচ হয় চারটি করে। এতে ক্ষুব্ধ নগরবাসী বলছেন ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজ। লোডশেডিংয়ে তাদের ভোগান্তি উঠছে চরমে। খেলা শুরুর আগে রাত নয়টার দিকে ১০০০ ওয়াটের অসংখ্য বাতি জ্বলে ওঠে। বাতি নেভাতে নেভাতে রাত প্রায় তিনটা বেজে যায়। তবে এতে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে, তা জানতে একাধিকবার বিদ্যুৎ কার্যালয়ে ফোন করেও বক্তব্য জানা যায়নি।পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মিলাদ ড্রিঙ্কিং ওয়াটারের পরিচালক হাজী মিলাদ আহমদ জানান, প্রায় দুই লাখ টাকা ব্যয়ে বৃহত্তর সিলেটের ৯০টি দলের এই প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্রীড়া সংস্থা ও পিডিবির অনুমতি নিয়েই ফ্লাডলাইটের আলোয় খেলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।আয়োজক সিলেট সদর ফুটবল কল্যাণ সমিতির কর্মকর্তা রাজা চৌধুরীর বলেন, ‘বিদ্যুৎ চলে গেলে জেনারেটর ব্যবহার করি। তাই বিদ্যুৎ অপচয়ের প্রশ্নই ওঠে না।’জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী বলেন, ‘এতে নরমাল বিদ্যুৎ খরচ হচ্ছে। তাই লোডশেডিংয়ে কোনো প্রভাব ফেলার কথা নয়।’