লোথার ম্যাথাউস 'মারা গেছেন'!

দিব্যি বেঁচে বর্তে আছেন। এমন মানুষকে কেউ যদি ‘মৃত’ ঘোষণা করে দেয়, তাঁর কেমন লাগে, বলুন! হতকিচ্ছিরি এই অভিজ্ঞতাই হয়েছে জার্মান ফুটবল কিংবদন্তি লোথার ম্যাথাউসের। ম্যাথাউসকে পাঠানো আদালতের একটি চিঠির খামের ওপর সম্প্রতি সিল মারা হয়েছে ‘মৃত’। চিঠিটি ঠিকমতো বিলি না হওয়াতেই এই বিপত্তি।
জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ক কোচিং ক্যারিয়ারটা শক্তপোক্ত করতে এদেশ-ওদেশ ঘুরে বেড়াচ্ছেন। সার্বিয়া, ইসরায়েল, হাঙ্গেরি, বুলগেরিয়া থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিভিন্ন দলে দায়িত্ব নিয়েছেন। কোচ হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন বুলগেরিয়া জাতীয় দলের। বর্তমানে তিনি আছেন হাঙ্গেরিতে।
ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা একমাত্র জার্মান খেলোয়াড় ম্যাথাউসের স্থায়ী ঠিকানা বলতে তাই আপাতত কিছুই নেই। সাবেক স্ত্রীর ভরণপোষণ-সংক্রান্ত আদালতের একটি চিঠি তাই তাঁর কাছে পৌঁছায়নি। ডাক বিভাগের কাছে ম্যাথাউসের যে ঠিকানা ছিল, সেখানে গিয়ে সাবেক এই জার্মান তারকার হদিস তারা পায়নি। এরপর খামের ওপর ‘টট’ লেখা সিল মেরে দেওয়া হয়। জার্মান যে শব্দের অর্থ ‘মৃত’!
জার্মানিতে নিয়মিত না থাকলেও সংবাদমাধ্যমে তো নিয়মিত তাঁকে নিয়ে খবর বেরোয়। তা ছাড়া জার্মানির ডাক বিভাগ জানবে না দেশটির অন্যতম ফুটবল ব্যক্তিত্ব জীবিত আছেন কি না! জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই ৫২ বছর বয়সী, ‘এটা জঘন্য একটা ব্যাপার। সবাই দেখতে পাচ্ছে আমি জীবিত, সেটা টিভিতেই হোক কিংবা মাঠে।’
বায়ার্ন মিউনিখের হয়ে সাতটি বুন্দেসলিগা জেতা ম্যাথাউস জার্মানিতেই কোচিং ক্যারিয়ার গড়তে চান। কিন্তু কোনো জার্মান ক্লাব তাঁর ওপর আস্থা দেখাচ্ছে না। এ নিয়ে ম্যাথাউস বিরক্ত। সম্প্রতি হামবুর্গের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত ক্লাবটি ডাচ কোচ বার্ট ফন মারউইককেই নিয়োগ দেয়। সূত্র: রয়টার্স।