লোভকেও জয় করেছেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটই খেলছেন ২২ বছর ধরে। তারও আগে ঘরোয়া ক্রিকেট, স্কুল ক্রিকেট। ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জীবনের নাড়িনক্ষত্র সমর্থকদের জানা। তার পরও তাঁর জীবনের কত কিছুই থেকে গেছে অজানা! ক্রিকেটের জন্য আজকের পরিণত টেন্ডুলকারের পক্ষে অনেক প্রলোভনই সামলানো সহজ। কিন্তু যখন ছোট্টটি ছিলেন? স্কুলের সহপাঠীরা যখন মজাদার খাবারের লোভে দল বেঁধে ছুটতেন দোকানে, তখন কীভাবে সেই প্রলোভন সামলাতেন টেন্ডুলকার?স্কুল পালিয়ে যখন অনুশীলনের কথা চিন্তা করতেন, মুখে জল আসা ‘বড়াপাভ’ খাওয়ার নেশাও জাগত টেন্ডুলকারের মনে। কিন্তু বোলারের মুখোমুখি হওয়ার আগে এমন লোভ করলে তাঁর চলত না। আর এই লোভ তিনি এড়াতে পারতেন, কারণ বাবার নিষেধাজ্ঞা ছিল শিরোধার্য। মারাঠি টেলিভিশন চ্যানেলকে টেন্ডুলকার নিজেই বলেছেন, ‘আমারও মাঝেমধ্যে মনে হতো স্কুল পালিয়ে অনুশীলন করি, ‘বড়াপাভ’ খাই এবং অন্যদের মতো মজা করি। কিন্তু আমি আমার বাবার দেওয়া স্বাধীনতাকে কখনোই অপব্যবহার করতে চাইনি। যিনি চাইতেন, আমি আমার পূর্ণ মনোযোগ ক্রিকেটে দিই। লেখাপড়ায় ভালো করার জন্য তিনি কখনোই আমাকে চাপ দেননি।’ক্রিকেটে যে তিনি অখণ্ড মনোযোগ ধরে রাখতে পেরেছেন তাতে তাঁর কোচ এবং বড় ভাইয়েরও আছে অনেক অবদান, ‘আমার কোচ এবং ভাইও এটি চেয়েছেন, আবেগ দিয়ে যে খেলাটি আমি খেলি, তা থেকে মনোযোগটা যেন হারিয়ে না যায়।’আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর পেরিয়ে এসেও ক্রিকেটের প্রতি টেন্ডুলকার সেই আগের মতোই অনুরক্ত। ক্রিকেটের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতেই প্রস্তুত। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল আহমেদাবাদে। যেখানে ছিল প্রচন্ড গরম। গরমের কারণে যদি সেরাটা না দিতে পারেন, সেই সংশয় জাগতেই টেন্ডুলকার কী করেছিলেন জানেন? ওই ম্যাচের তিন-চার দিন আগে থেকেই খাবারের তালিকা থেকে মসলা ও আমিষ জাতীয় যাবতীয় খাবার ছেঁটে ফেলেছিলেন। আর চেন্নাইয়ের ম্যাচের আগের রাতে ঘুমাতে গিয়েছিলেন ঘড়িতে অ্যালার্ম দিয়ে, যাতে মাঝরাতে উঠে পর্যাপ্ত পানি খেয়ে শরীরটা ঠান্ডা রাখতে পারেন। ৩৮ বছর বয়সী ব্যাটিং মায়েস্ত্রো সারাটা জীবনই এমন শৃঙ্খলাপরায়ণ, ফিটনেসের ব্যাপারে এত নিয়মানুবর্তী।তা সব মনোযোগ ক্রিকেটে দিতে গিয়ে টেন্ডুলকার জীবনে আর কী মিস করেছেন? টেন্ডুলকারের উত্তর, সাঁতার, ‘আমি সাঁতার জানতাম না। পরে একদিন কোচ আমাকে সাঁতার শেখানোর চেষ্টা করলেন। আতঙ্কিত হয়ে আমি অনুভব করলাম আমার মাথায় পানি। আমি ভেসে থাকতে পারতাম এবং পুলের কিনারায় অনুশীলন করতাম।’ ওয়েবসাইট।