লোভের তিন নাম
পাকিস্তানের ক্রিকেটারদের ভাবমূর্তি আবারও সংকটের মধ্যে ফেলে দিলেন মাজহার মাজিদ। ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর গোপন ক্যামেরায় এই বাজিকরের যেসব মন্তব্য ধরা পড়েছে, সেগুলো সত্যি হলে ধরে নিতে হবে, পাকিস্তানের এই জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই জড়িয়ে পড়েছেন অন্যায়ের সঙ্গে। ‘হাতেগোনা কয়েকজন খেলোয়াড় আছে যারা সৎ, যাদের খেলাটার প্রতি সত্যিকারের ভালোবাসা আছে। কিন্তু এদের সংখ্যা খুব বেশি নয়। বেশির ভাগই কেবল টাকা, নারী আর খাবারের পিছে ছোটে’—পাকিস্তানি ক্রিকেটারদের সম্পর্কে মাজিদের মূল্যায়ন।ইংল্যান্ডের সপ্তম বিভাগের একটি ফুটবল দলের মালিক নিজেও একসময় ফুটবল খেলেছেন। মাজিদ তাঁর এই অভিজ্ঞতা থেকে বলেছেন, এই দুই খেলায় টাকার ব্যবধানটা বিশাল। এটাকেও ক্রিকেটারদের এমন প্রবণতার একটা কারণ মনে হয় তাঁর কাছে, ‘ওরা যে পরিমাণ টাকা পায় সেটা হাস্যকর।’মাজিদের দাবি, পাকিস্তানি বোলারদের বল টেম্পারিংয়ে সাহায্য করেছেন তিনি, ‘উইকেট না পড়লে হাতে একগাদা ভ্যাসলিন মেখে আমি ওদের সঙ্গে করমর্দন করতাম। ওরা বলের একদিকে সেটা মাখত। বলটাও হুট করে ইনসুইং করা শুরু করত।’গত অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টটাও ‘পাতানো’ ছিল বলে দাবি মাজিদের, ‘অস্ট্রেলিয়ার মাত্র দুটি উইকেট বাকি ছিল, লিড ছিল মাত্র ১০ রানের মতো। পাকিস্তান ম্যাচটা হারবে আর অস্ট্রেলিয়া জিতবে এর পক্ষে বাজির দর ছিল সম্ভবত ৪০-১। আমরা ওদের (অস্ট্রেলিয়াকে) ১৫০ রান করতে দিলাম। এর পর সবাই মিলে উইকেট ছুড়ে দিয়ে এল।’ পাকিস্তান ক্রিকেট দলে তাঁর প্রভাব কত বেশি সেটা প্রমাণ করার জন্য সদ্যসমাপ্ত সিরিজের ওভাল টেস্টটাও পাতানোর চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন মাজিদ। বর্তমান অধিনায়ক সালমান বাটের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক, তাঁকে সব খবর তিনি আগেই দিয়ে দেন—এই দাবি করে বাট যেন দীর্ঘদিন অধিনায়ক থেকে যান, এই চাওয়ার কথাও জানিয়েছেন মাজিদ। ওয়েবসাইট।