লোর কণ্ঠেও সমবেদনা

১১ মিনিটে মুলারের প্রথম গোল থেকে শুরু করে ২৯ মিনিটে খেদিরার পঞ্চম গোল। বিশ্বকাপের ইতিহাসে রোমাঞ্চকর ১৮ মিনিট?
যত দিন ফুটবল থাকবে, বিশ্বকাপ থাকবে—বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোর ম্যাচটার ওই ১৮ মিনিটের গল্প ঘুরেফিরে আসবে। ১৮ মিনিটের সেই তাণ্ডবে পরশুর সেমিফাইনালে ব্রাজিলকে এমন বিধ্বস্ত করেছে জার্মানি, প্রশ্ন উঠতেই পারে, ১৯৫০ সালের মারাকানা নাকি ২০১৪ সালের এস্তাদিও মিনেইরো, ব্রাজিলের জন্য কোনটা বেশি মর্মান্তিক?
অথচ ম্যাচের আগে মনে হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই-ই হতে পারে দুদলের মধ্যে। নেইমারকে হারিয়েও ব্রাজিলের ‘টিম ব্রাজিল’ হয়ে ওঠার আভাস ছিল মাঠের বাইরে। কিন্তু কোথায় কী, স্বাগতিকেরা মাঠে নামার খানিক পরই এভাবে জার্মান বুলডোজারে পিষ্ট হবে কল্পনারও অতীত!
জোয়াকিম লোও ভাবেননি এমন কিছু। জার্মান কোচের ধারণা, শুরুর ধাক্কাটাই সব গড়বড় করে দিয়েছে ব্রাজিলের। ম্যাচের পর বলেছেন, ‘চেয়েছিলাম খুব ঠান্ডা মাথায়, আমাদের নিজস্ব শক্তি দিয়ে ওদের এই তীব্র অনুভূতি আর প্রবল আবেগের মুখোমুখি হতে। ছেলেরা সেটা করেছে। ব্রাজিল আমাদের প্রথম কয়েকটা গোলেই ভেঙে পড়েছে এবং বাকি কাজটুকু সহজ করে দিয়েছে। আমাদের হাতে খেলাটা তুলে দিয়েছে। আমরা যখন চার মিনিটে তিনটা গোল করলাম, তখনই বুঝতে পারছিলাম ওরা ভেঙে পড়তে শুরু করেছে। আমরা তখনো মাথা ঠান্ডা রেখেছি এবং সেটার সুযোগ নিয়েছি।’

নেইমারকে নিয়ে উন্মাদনা এবং স্বাগতিক সমর্থকদের মধ্যে সংখ্যালঘু হয়ে থাকার প্রবল চাপের পরও নাকি আত্মবিশ্বাসের কমতি ছিল না জার্মান কোচের, ‘ম্যাচের আগেই জানতাম, মাথা ঠান্ডা রেখে সাহসের সঙ্গে খেলতে পারলে জিতব। সেই জয়টা যে এত বড় ব্যবধানে হবে তা আমাদের কল্পনাতেও ছিল না।’
ইয়োকোহোমায় ২০০২ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গিয়েছিল জার্মানির। এক যুগ পর সেমিফাইনাল থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়ে সেই হারের জ্বালা জুড়াল জার্মানি। তবে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় প্রতিশোধের সেই ঝাঁজ নেই জার্মান কোচের কণ্ঠে। বরং শ্রদ্ধাই দেখালেন প্রতিপক্ষকে, ‘এটা আমাদের জন্য অসাধারণ ফল কিন্তু এই ফল দিয়ে দুই দলের ব্যবধান বোঝার চেষ্টা করলে হবে না। আমরা জানি ব্রাজিল কত ভালো দল। আজকের দিনটা আমাদের ছিল। ফাইনালে পৌঁছে আমরা আনন্দিত।’
দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়ার বিপক্ষে কষ্টেসৃষ্টে পাওয়া অতিরিক্ত সময়ের জয়ের পর সমালোচনার কমতি ছিল না লোর দলের। ব্রাজিলকে গুঁড়িয়ে ফাইনালে ওঠার পর এখন সেই দলেরই প্রশংসায় বুঁদ সবাই। তবে লো পা রাখছেন মাটিতেই। তাঁর কণ্ঠে ব্রাজিলের জন্য সমবেদনা, ‘আমাদের বিনয়ী, নম্র থাকবে হবে এবং কিছুটা মানবিকতাও দেখাতে হবে। ২০০৬ বিশ্বকাপে নিজের দেশে ইতালির কাছে সেমিফাইনালে হেরেছিলাম আমরা। তাই স্কলারি, তাঁর দল আর ব্রাজিল সমর্থকদের মনের অবস্থাটা ভালোই বুঝতে পারছি। ওই বিশ্বকাপে হেরে আমরা খুবই হতাশ হয়ে পড়েছিলাম। যেকোনো দেশের ক্ষেত্রেই এটা হওয়া স্বাভাবিক। এই হার হজম করা ব্রাজিলের জন্য খুবই কঠিন হবে।’ এএফপি, রয়টার্স, ফক্স স্পোর্টস।