লোর বিদায় চান বালাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হয়ে গেল জার্মানির বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রথম দিনের অনুশীলনে কোচ জোয়াকিম লোর সঙ্গে মিডফিল্ডার মার্কো রয়েস। কাল ইতালির পাসেইয়ারে l এএফপি
শুরু হয়ে গেল জার্মানির বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রথম দিনের অনুশীলনে কোচ জোয়াকিম লোর সঙ্গে মিডফিল্ডার মার্কো রয়েস। কাল ইতালির পাসেইয়ারে l এএফপি

পরিসংখ্যান বলবে তিনি দারুণ সফল। ১০৩ ম্যাচে দায়িত্বে থেকে ৭০টিতেই জিতিয়েছেন জার্মানিকে । কিন্তু জোয়াকিম লো জানেন এসবের খুব একটা মূল্য নেই। এখনো যে বড় কোনো শিরোপা জেতা হয়নি ৫৪ বছর বয়সী কোচের!
২০০৬ থেকেই জার্মানির দায়িত্বে লো। এরপর প্রতিবারই বিশ্বকাপ-ইউরোতে অন্তত সেমিফাইনালে নিয়ে গেছেন দলকে। কিন্তু শিরোপাটা দূরেই থেকে গেছে । এবারও বিশ্বকাপের আগে লোর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি বাড়িয়েছে জার্মান ফুটবল ফেডারেশন। অর্থাৎ ২০১৬ পর্যন্ত জার্মানির কোচ থাকছেন তিনি। কিন্তু লোর সাবেক এক ছাত্র বলছেন শিরোপা পান আর না-ই পান, বিশ্বকাপের পরই তাঁর চলে যাওয়া উচিত। মাইকেল বালাকের যুক্তি, ‘বিশ্বকাপের সময় যাতে কোনো প্রশ্ন না ওঠে সে জন্য তাঁর সঙ্গে চুক্তিটা বাড়ানো হয়েছে। বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি তাঁর আর থাকা উচিত নয়। চাপটা তিনি আর নিতে পারছেন না।’
কিন্তু লো বিশ্বকাপ জিতলেও বালাক তাঁর যুক্তিতে অনড় থেকে যাবেন, ‘জার্মানি জিতলেও তাঁর সম্ভবত চলে যাওয়া উচিত, কারণ বিশ্বকাপের পর আর কোনো উন্নতি করা সম্ভব নয়।’ ওয়েবসাইট।
লো নিজেও অস্বীকার করতে পারছেন না এই বিশ্বকাপে ব্যর্থতা লিখে দিতে পারে তাঁর ভাগ্য, ‘আমি জানি, টুর্নামেন্টে কী করেছে সেটা দিয়েই বিচার করা হয়। বিশ্বকাপের পর যিনি দায়িত্বে থাকেন, তার সব কিছু খতিয়ে দেখা হবে।’ নিজে অবশ্য চুক্তির মেয়াদ পূর্ণ করতে চান, ‘যদি জিতি, সেটা হবে দারুণ। সামনের বছরগুলোর জন্য সেটা প্রেরণা হবে। বিশ্বকাপ জেতার পর ভিসেন্তে দেল বস্ক (স্পেন কোচ) তো ইউরোও জিততে চেয়েছিলেন।’
দেখা যাক, লোর ভাগ্যে কী আছে! একটা সুসংবাদ অবশ্য পেয়েছেন, মধ্যমাঠের ভরসা বাস্তিয়ান শোয়েনস্টেইগার বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন বলে জানিয়েছেন জার্মানির মেডিকেল টিম।