লোর মনোভাব অসম্মানজনক: বালাক
বৃহস্পতিবারই মাইকেল বালাককে বিদায় বলে দিয়েছিলেন জোয়াকিম লো। মাইকেল বালাক নিজে থেকে বিদায় নিচ্ছেন কি না, তা অবশ্য সেই দিন জানা যায়নি। তবে কাল শুক্রবার ঠিকই মুখ খুললেন জার্মান দলের অন্যতম সেরা এই প্লে-মেকার। বলেছেন, লোর আচরণ তাঁর নাকি একেবারেই ভালো লাগেনি।এক বিবৃতিতে বালাক বলেছেন, গত বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ার সময় থেকে লো তাঁর সঙ্গে যে আচরণ করে আসছেন, সর্বশেষটা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাত্ তিনি বলতে চাচ্ছেন, জোয়াকিম লোর কাছে গত এক বছর ধরেই তিনি ব্রাত্য। জোয়াকিম লো বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন, এ মুহূর্তে মাইকেল বালাকের জার্মান দলে ফেরার সুযোগ খুবই সীমিত। কারণ, তিনি ইউরো ২০১২-এর আগে তরুণ, উদীয়মান প্রতিভাদেরকেই বেশি গুরুত্ব দেবেন। বালাক তাঁর প্রতি লোর এ মনোভাবকে ‘অসম্মানজনক’ হিসেবে অভিহিত করেছেন।এদিকে, আগামী আগস্টে মাইকেল বালাককে আনুষ্ঠানিক বিদায় জানানোর জন্য জার্মান ফুটবল ফেডারেশন ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বলে জানা গেছে। তবে বালাক জানিয়ে দিয়েছেন, সে ম্যাচে তিনি অংশ নেবেন না।‘ব্যাপারটি অনেকটা গরু মেরে জুতাদানের মতোই। প্রীতি ম্যাচ খেলে বিদায় নেওয়ার ব্যাপারটি আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। আমি জানি, আমার ভক্তরা এতে দুঃখ পাবেন। কিন্তু, এটা পরিষ্কার করতে চাই যে আমি সে ম্যাচটা খেলছি না। জার্মান ফেডারেশনের প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়।’মাইকেল বালাক জার্মানির হয়ে ৯৮টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৪২ গোল করেছেন। ২০০২ সালের বিশ্বকাপে মাইকেল বালাকের নেতৃত্বে একেবারে নবীন একটি দল নিয়ে জার্মানি ফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করে। তাঁর নেতৃত্বে জার্মানি ২০০৬ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে। তবে ইতালির কাছে হেরে বিদায় নেয় তারা।গত বছর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বালাক দুর্ভাগ্যজনক ইনজুরির শিকার হন। তবে বিশ্বকাপে জার্মানির ইতিহাসের নবীনতম দল নিয়ে জোয়াকিম লো দলকে তুলে নেন সেমিতে। তৃতীয় হয়েই অবশ্য সন্তুষ্ট থাকতে হয় তাঁর দলকে। সেই থেকেই বালাক জার্মান দলের বাইরেই রয়েছেন। রয়টার্স।