লোর রোনালদো ভাবনা

জোয়াকিম লোর সাম্প্রতিক চিন্তাভাবনার অনেকটাই নিশ্চয়ই দখল করে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এসময়ের সেরা খেলোয়াড়টিকে কীভাবে অকার্যকর করে রাখা যায়, মনে মনে হয়তো সেই ফন্দিই আঁঁটছেন জার্মান কোচ। কারণ আর মাস খানেক পর বিশ্বকাপের গ্রুপ পর্বে সেই কাজটিই করতে হবে তাঁর ছাত্রদের। পর্তুগালকে নিয়ে লো যতটা ভাবছেন, তার চেয়ে অনেক বেশি ভাবছেন রোনালদোকে নিয়েই। কারণ জার্মানির এই কোচের মতে, পর্তুগাল অনেকটাই রোনালদোনির্ভর।
বিশ্বকাপের গ্রুপ পর্বে জার্মানির প্রধান বাধা পর্তুগাল। তাই এখন থেকেই প্রতিপক্ষের শক্তিমত্তা-দুর্বলতা যাচাইয়ের কাজটি শুরু করে দিয়েছেন কোচ জোয়াকিম লো। আর বিচার-বিশ্লেষণের পর রায় দিয়েছেন, পর্তুগাল রোনালদোর ওপর অনেক বেশি নির্ভরশীল, ‘ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর দারুণ পারফরম্যান্স দেখিয়ে খুব যৌক্তিকভাবেই ব্যালন ডি’অর জিতেছে। প্রায় প্রতি ম্যাচেই সে দুই বা তিনটি গোল করেছে। সুইডেনের বিপক্ষে প্লে-অফেও সে একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। তাদের আরও কিছু ভালো খেলোয়াড় থাকলেও, পর্তুগাল রোনালদোর ওপরই অনেক বেশি নির্ভরশীল।’
সত্যিই, পর্তুগালকে প্রায় একক নৈপুণ্যেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে এসেছেন রোনালদো। সুইডেনের বিপক্ষে প্লে-অফের দুই লেগ মিলিয়ে দলের চারটি গোলই করেছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। বিশ্বকাপেও তিনি পা রাখবেন এসময়ের সেরা খেলোয়াড় হিসেবে। দলকে বিশ্বকাপ জেতাতে হবে, এমন প্রত্যাশা হয়তো থাকবে না রোনালদোর ওপর। কিন্তু নিজের সেরা ফর্মে থাকলে যেকোনো প্রতিপক্ষের জন্যই হুমকি হয়ে উঠতে পারেন এই পর্তুগিজ তারকা।
বিশ্বকাপের গ্রুপ পর্বে রোনালদোর পর্তুগাল ছাড়াও ঘানা ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে হবে জার্মানিকে।— গোল ডটকম