প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়াকিম লো এখন গোটা জার্মানির গর্ব। তবে যেখানে তাঁর জন্ম, বেড়ে ওঠা এবং ফুটবলের প্রথম পাঠ, সেই শোয়েনাউ ইম শোয়ার্ৎসভাল্ড শহরের লোকজনের গর্বই সবচেয়ে বেশি হবে, এটাই স্বাভাবিক। বিশ্বকাপজয়ী জার্মান কোচকে সম্মান জানাতে দারুণ একটা উদ্যোগের খবরও মিলছে। শহরটির সম্মানিত নাগরিক করা হচ্ছে লোকে। শুধু তা-ই নয়, যে মাঠে ক্যারিয়ারের প্রথম ফুটবল ম্যাচটা খেলেছিলেন লো, সেই স্টেডিয়ামের নামও বদলে তাঁর নামে রাখা হচ্ছে। শোয়েনাউ ইম শোয়ার্ৎসভাল্ড শহরের মেয়র শেলশর্ন বলেছেন, ‘জোয়াকিমকে নিয়ে আমরা গর্বিত। ও এ শহরের নাম উজ্জ্বল করেছে।’ সম্মানটা গ্রহণ করতে সম্মতি জানিয়েছেন জার্মান কোচও। ধারণা করা হচ্ছে, খুব শিগগির জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নিজের শহরে সংবর্ধনা দেওয়া হবে জোয়াকিম লোকে। এএফপি।