ল্যানিংয়ের ব্যাটে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ারল্যান্ডের সঙ্গে খানিক আগেই খেলে এসেছেন ১২৬ রানের দুর্দান্ত ইনিংস। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং একটু জিরিয়ে তো নিতেই পারেন! কাল সিলেটে । আনিস মাহমুদ
আয়ারল্যান্ডের সঙ্গে খানিক আগেই খেলে এসেছেন ১২৬ রানের দুর্দান্ত ইনিংস। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং একটু জিরিয়ে তো নিতেই পারেন! কাল সিলেটে । আনিস মাহমুদ

আইরিশ মেয়েরা বল করছেন, আর কুড়িয়ে আনছেন মাঠের বাইরে থেকে। একটা সময় তাঁরা ক্লান্তই হয়ে পড়লেন। কত আর বল কুড়িয়ে আনা যায়! কী শুরু করল মেয়েটা! বানের পানির মতো মাঠের চারপাশে চার-ছক্কা ছুটিয়ে চলেছেন মেগ ল্যানিং। থামার নাম নেই। ইনিংসের শেষ বলের আগের বলে যখন থামলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, তাঁর নামের পাশে ৬৫ বলে ১২৬!
ছেলেদের খেলা নিয়েই যদি বুঁদ হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য তথ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই কিন্তু প্রথম সেঞ্চুরি। মেয়েদের টি-টোয়েন্টিতে এর আগে সেঞ্চুরিই হয়েছে একটি। ওয়েস্ট ইন্ডিজের ওই ডিয়েন্ড্রা ডটিন, ৪৫ বলে করেছিলেন ১১২। সেটিকেও কাল ছাড়িয়ে গেলেন ল্যানিং।
ছেলেদের ক্রিকেটেই এমন দানবীয় ইনিংস দেখা যায়। মেয়েদের ক্রিকেটে এটা তো ডুমুরের ফুল। কাল ২২ বছর বয়সী উদ্বোধনী ব্যাটারের ব্যাটিং একটা বিভ্রমেই ফেলে দিয়েছিল, ২২ গজে কোনো মেয়ে এমন রাজত্ব করতে পারে! ক্রিস ক্রেইল, ম্যাককালাম, শহীদ আফ্রিদিদের মতো অনায়াসে চার-ছয় মেরে গেলেন ল্যানিং।
১৮টি চার, চারটি ছয়। আইরিশ বোলারদের ওপর চাবুক চালালেন অস্ট্রেলিয়ার রেকর্ডকন্যা। যিনি অস্ট্রেলিয়ায় ছেলেমেয়ে মিলিয়ে ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে (১৮ বছর ২৮৮ দিন) আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। ভেঙেছেন রিকিং পন্টিংয়ের ২১ বছর ২১ দিন বয়সে করা ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড। ল্যানিংয়ের কল্যাণে অস্ট্রেলিয়ার ১৯১ রানের বিশাল স্তূপের নিচে চাপা পড়ে আয়ারল্যান্ড হারল ৭৮ রানের বিশাল রানে। আইরিশরা করতে পারল ৭ উইকেটে ১১৩। রানের দিক থেকে মেয়েদের টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় জয়। ১৯১ রান মেয়েদের টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।
ল্যানিং ব্যাট করার সময় মায়াই লাগল আইরিশ মেয়েদের জন্য। একসময় কোমরে হাত দিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে পড়লেন ফিল্ডাররা। ল্যানিং এই টুর্নামেন্টে তাঁর আগের দুটি ইনিংসে করেছেন ২ আর ৬। কিন্তু মা-বাবার চাকরির সূত্রে সিঙ্গাপুরে জন্ম নেওয়া মেয়েটি তেতে ছিলেন ফর্মে ফিরতে। এমনভাবেই ফর্মে ফিরলেন, ক্রিকেট বলকে একসময় উড়িয়ে মারতে লাগলেন বেসবলের মতো। সিলেট বিভাগীয় স্টেডিয়াম দেখল ব্যাটিং করা যেন কত সহজ কাজ।
তবে রেকর্ড গড়ার চিন্তাটা নাকি মোটেই মাথায় ছিল না তাঁর, ‘ব্যাটিংটা সহজ ছিল আজ (কাল)। খোলা জায়গা পাচ্ছিলাম। বল যেভাবে মেরেছি, সেভাবেই গেছে। রেকর্ড নিয়ে ভাবিনি। চাইছিলাম দলকে যতটা সম্ভব রান এনে দিতে। উইকেট এবং কন্ডিশন ভালো ছিল।’ ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে দিলেন মজার তথ্য, ‘আমি আসলে কাউকে অনুসরণ করি না। নিজের মতোই খেলি। নিজের মতো খেলতে খেলতেই এই জায়গায় এসেছি।’
‘এই জায়গায় এসেছি’ মানে মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী খেলোয়াড় এই ল্যানিংই। টি-টোয়েন্টিতে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে এক হাজার রান করেছেন। যেভাবে খেলছেন, সামনে আরও অনেক রেকর্ডই যে গড়বেন তা নিয়ে সংশয় সামান্যই।