ল্যাপটপ-কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ফাইনাল দেখতে কাল সকাল থেকে বাংলাদেশি সাংবাদিকদের তোড়জোড়। সকালবেলা প্রধান প্রেস সেন্টারে আসার পর বাংলাদেশের এক সাংবাদিককে নিরাপত্তাকর্মীরা ডেকে নিয়ে গেলেন। কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে তাঁকে প্রশ্ন করা হলো, ‘দেখুন তো, এই লোকটা আপনি কিনা?’ ওই সাংবাদিক বললেন, তিনি নন।আরেকজনকে ডাকা হলো, তিনিও বললেন, ‘আমি নই।’ ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার জন্য মিডিয়া বাসে উঠে পড়া বাংলাদেশের আরেক সাংবাদিককে বাস থেকে নামিয়ে নেওয়া হলো। তাঁকেও একই জেরা, ‘ছবির এই লোক কি আপনি?’কাকে খুঁজছিলেন নিরাপত্তাকর্মীরা? খুঁজছিলেন তাঁকে, সিসিটিভির ফুটেজে যাঁকে প্রেস সেন্টার থেকে একটা ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। নিরাপত্তারক্ষীরা জানালেন, পরশু এই ল্যাপটপটাই খোয়া গেছে প্রেস সেন্টার থেকে। সিসিটিভিতে ধরা পড়া লোকটাই সেটি নিয়েছেন বলে তাদের সন্দেহ।বাংলাদেশ দলের প্রেস অ্যাটাচে হাসানউল্লাহ খান জানান, ‘আজ সকালে (কাল) প্রেস বিভাগের ম্যানেজার সোফিয়া আমাকে ফোনে জানান, “প্রেস সেন্টার থেকে একটা ল্যাপটপ খোয়া গেছে। সিসিটিভিতে আমরা দেখেছি, বাংলাদেশের সাংবাদিক স্বপন বসু এর সঙ্গে জড়িত। আমরা তাঁকে খুঁজছি, আপনি তাঁকে আমাদের কাছে পাঠান।” সেই অনুযায়ী আমি স্বপন বসুকে ওদের সঙ্গে যোগাযোগ করতে বলি। পরে জানতে পেরেছি, ব্যাপারটা দুই পক্ষ মিটমাট করে নিয়েছে।’একটি সূত্রে জানা গেছে, মিটমাটটা হয়েছে জরিমানা দেওয়ার মাধ্যমে। তবে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক স্বপন বসু ব্যাপারটা অস্বীকার করেছেন এই প্রতিবেদকের কাছে, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’ এই ল্যাপটপ-কেলেঙ্কারি বাংলাদেশের সাংবাদিকদের জন্য ক্রিকেটে সোনা জয়ের দিনটিকেও সর্বাঙ্গীন সুন্দর হতে দিল না।