প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতিতে দম ফেলার ফুসরত নেই আয়োজকদের। এ সুযোগটাই নিল চোর! নিরাপত্তার ফাঁক গলে ভেন্যু থেকে চুরি গেল ৫টি ল্যাপটপ! স্বেচ্ছাসেবীদের কাজের জন্য আইসিসির ৫টি ল্যাপটপ রাখা ছিল ক্রাইস্টচার্চের অ্যাক্রিডিটেশন সেন্টারে। পর্যাপ্ত নিরাপত্তাও ছিল সেখানে। তার পরও উধাও ল্যাপটপগুলো! অবশ্য চুরি হওয়ার বিষয়টি স্বীকার করলেও এটিকে বড় কোনো নিরাপত্তাঝুঁকি বলে মানছেন না ক্যান্টারবুরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গ্যারি নোলেস, ‘হারানো ল্যাপটপগুলোয় এমন কোনো তথ্য ছিল না যার মাধ্যমে বিশ্বকাপের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর ল্যাপটপগুলোয় পাসওয়ার্ডও দেওয়া ছিল।’ আগামী শনিবার ক্রাইস্টচার্চেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। তার আগে সেখানে এমন চোরের আনাগোনা একটু দুশ্চিন্তার বৈকি! আইবিএন লাইভ।