ল্যাম্পার্ডকে ছেড়েই দেবে চেলসি
ইংলিশ মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে আর রাখবে না চেলসি। ল্যাম্পার্ডের এজেন্টকে ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন চুক্তির জন্য ল্যাম্পার্ডকে প্রস্তাব দেওয়া হবে না। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।২০০১ সালে চেলসিতে যোগ দেন ল্যাম্পার্ড। আগামী জুনে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। ল্যাম্পার্ডকে ক্লাব ছাড়তে হচ্ছে জানিয়ে তাঁর এজেন্ট স্টিভ কুটনার ডেইলি মিররকে বলেন, ‘ক্লাব বিশ্বকাপ চলার সময় চেলসির কর্মকর্তারা আমাকে জানিয়েছিলেন, কোনো অবস্থাতেই ল্যাম্পার্ডকে নতুন চুক্তির জন্য প্রস্তাব দেওয়া হবে না। এভারটনের বিপক্ষে জয়ের পর আবারও কথাটা নিশ্চিত করেছেন তাঁরা।’ডিসেম্বরের শেষের দিকে এভারটনকে ২-১ গোলে হারায় চেলসি। দলের হয়ে দুটি গোলই করেন ল্যাম্পার্ড। গত শনিবার এফ এ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন তিনি। এর মধ্য দিয়ে চেলসির ইতিহাসে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার (১৯৩) মর্যাদা লাভ করেন ল্যাম্পার্ড। সাম্প্রতিক ম্যাচগুলোতে চেলসি সমর্থকেরা ল্যাম্পার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে। তবে ভক্তদের দাবি উপেক্ষা করে চেলসির মালিক রোমান আব্রামোভিচ তাঁকে না রাখার সিদ্ধান্তেই অটল রয়েছেন। মিরর জানিয়েছে, ল্যাম্পার্ড এখন যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়ার কথা ভাবতে পারেন, যেমনটা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম।