ল্যাম্পার্ডের গন্তব্যও চীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে চেলসি থেকে চীনে পাড়ি জমিয়েছিলেন নিকোলাস আনেলকা ও দিদিয়ের দ্রগবা। এবার হয়তো সেই পথে হাঁটতে পারেন চেলসির অধিনায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। বেশ কদিন ধরে ইংলিশ এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের ক্লাব গুইজু রেনে। তবে দলবদলের এই খবরের কোনোই সত্যতা নেই বলে দাবি করেছেন চেলসির কোচ রবার্তো ডি মাত্তেও।এবারের ইউরোপিয়ান ফুটবল মৌসুম শুরুর আগেই চীনের ক্লাব সানহাই শেনহুয়াতে যোগ দিয়েছিলেন নিকোলাস আনেলকা ও দিদিয়ের দ্রগবা। এবার চেলসির এই দুই সতীর্থের পিছু পিছু চীনা ফুটবলাঙ্গনে পা রাখতে পারেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এরই মধ্যে তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে জানিয়েছেন চীনের ক্লাব গুইজু রেনের এক কর্মকর্তা। ক্লাবের সভাপতি ইয়াং জিয়াউ বলেছেন, ‘হ্যাঁ, আমরা ল্যাম্পার্ডের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছি। কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’ যদি ৩৪ বছর বয়সী ল্যাম্পার্ড চীনে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে হয়তো আগামী বছরের জানুয়ারিতেই দলবদলের কাজটা সেরে ফেলবেন এই ইংলিশ মিডফিল্ডার। মার্চ মাসে শুরু হয় চীনা ফুটবলের নতুন মৌসুম।গত মৌসুমে চতুর্থ স্থান দখল করে লিগ শেষ করায় এবার এএফসি চ্যাম্পিয়নস লিগে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করেছে গুইজু রেনে। এ পরিস্থিতিতে চীনের গুইজু প্রদেশের ক্লাবটি বিশ্বমানের কোনো খেলোয়াড়কে দলে ভেড়ানোর সর্বাত্মক চেষ্টাই হয়তো করবে।