ল্যাম্পার্ডের চোখে শুধুই চেলসি
চেলসির হয়ে খেলছেন ২০০১ সাল থেকে। বর্তমান চুক্তি অনুযায়ী এটিই তাঁর শেষ মৌসুম। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এখন বয়স চলছে ৩৪। এরপর হয়তো খেলোয়াড়ি জীবনকেই ইতি টানবেন চেলসির তারকা এই মিডফিল্ডার।ব্রিটিশ দৈনিক ‘সান’কে দেওয়া সাক্ষাত্কারে আজ বুধবার ল্যাম্পার্ড জানিয়েছেন, এখন কোচিং ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেছেন। প্রিয় দল চেলসির দায়িত্ব নিতে চান তিনি। ‘কোচিং ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেছি আমি। কিন্তু আমি কেবল একটি ক্লাবকে নিয়েই ভাবছি। চেলসির সঙ্গে কাজ করতে চাই। এ কারণে আমাকে উচ্চাভিলাষী বা স্বার্থপর মনে হতে পারে। তবে নিচুর সারির কোনো ক্লাবে নিজেকে দেখাতে চাই না আমি।’ বলেছেন ল্যাম্পার্ড। ল্যাম্পার্ডের চাওয়ায় দোষের কিছু নেই। চেলসির মতো ক্লাবের দায়িত্ব নিতে চাইতেই পারেন তিনি। কিন্তু এটা কি এতটাই সহজ হবে তাঁর জন্য? ল্যাম্পার্ড নিজেও জানেন, দায়িত্ব পাওয়া হবে বেশ কঠিন। বাস্তবতা মেনেই ল্যাম্পার্ড বলেছেন, ‘চেলসির ম্যানেজার পদ কখনো প্রত্যাশা করিনি। তবে আমি শুধু এই ক্লাবটার সঙ্গেই কাজ করতে চাই।’স্টামফোর্ড ব্রিজে বেশ কয়েকজন নামীদামি কোচের সংস্পর্শে এসেছেন ল্যাম্পার্ড। হোসে মরিনহো, গাস হিডিঙ্ক, কার্লো আনচেলত্তির অধীনে খেলেছেন। তাঁদের কাছ থেকে কোচ হিসেবে ভালো করার অনেক কৌশল এরই মধ্যে রপ্ত করেছেন তিনি ।ল্যাম্পার্ড বলেন, ‘কোনো সন্দেহ নেই, তাঁদের কাছ থেকে অনেক ভালো কিছু শিখেছি আমি। মূল যে বিষয়টা শিখেছি তা হলো, লোকের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়। খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা রাখাটা গুরুত্বপূর্ণ। আর এভাবেই কেবল ওদের কাছ থেকে শ্রদ্ধা পাওয়া সম্ভব।’