ল্যাম্পার্ডের পেনাল্টি-প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্টহামের অনুশীলন মাঠের পাশে ১৯৬৬ সালের একটা ছবি আছে। ছবিতে হাস্যোজ্জ্বল সেবারের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের তিন নায়ক—ববি মুর, জিওফ হার্স্ট এবং মার্টিন পিটার। কদিন আগে ওই ছবির পাশে আগের ছবিটির মতোই নতুন আরেকটি ছবি টাঙানো হয়েছে। এই ছবির তিনজন হলেন—ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, জো কোল এবং মাইকেল ক্যারিক। অন্য সবকিছু বাদ দিলে ছবি দুটির মাঝে বিশেষ একটি পার্থক্য খুঁজে পেতে পারেন আপনি। পার্থক্যটা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ভালো করেই জানেন। নতুন ছবিটিতে কোনো মাহাত্ম্যই খুঁজে পাচ্ছেন না তিনি। তাই তাঁর অকপট স্বীকারোক্তি—পুরোনো ছবিটি একটা জয়ের সাক্ষ্য, কিন্তু নতুন এ ছবিটিতে তো তৃপ্তির কোনো চিহ্ন নেই। অতএব, যা করার এখনই করতে হবে। সময় বহিয়া যায়!সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন গত পরশু। ল্যাম্পার্ডের মুখে এমন কথা নিশ্চয়ই দলের অন্যদের বেশ উদ্দীপ্ত করবে। কিন্তু ইংলিশদের সেই পেনাল্টি-ভীতি? সেটার কী হবে? কে তাদের আশা দেবে, আর কেই-বা দেবে ভরসা!এখানেও ঘুরেফিরে নাম আসে ল্যাম্পার্ডের। পেনাল্টিতে তিনি ‘সিদ্ধপদ’ই, কিন্তু এফএ কাপের ফাইনাল আর জাপানের সঙ্গে প্রীতি ম্যাচে গোটা দলের মতোই পেনাল্টি-ভীতিটা সংক্রামক ব্যাধির মতোই জাপটে ধরেছিল তাঁকে। ফের পেনাল্টি মিস!ইংল্যান্ডের পেনাল্টি ইতিহাস গর্ব করার মতো নয়। ব্যতিক্রম ছিলেন ম্যাথিউ লি টিসিয়ার। ৪৯টি পেনাল্টির ৪৮টিতেই গোলরক্ষকদের ঘোল খাইয়েছিলেন ৯০ দশকের এই খেলোয়াড়। সেই টিসিয়ারই কদিন আগে ল্যাম্পার্ডের এমন হতাশামাখা দিনে পাশে এসে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, ‘সে (ল্যাম্পার্ড) যদি পেনাল্টি নিতে চায়, তবে তাকে তা নিতে দেওয়াও উচিত। কারণ পেনাল্টির অর্ধেক কাজটাই হলো সেই চ্যালেঞ্জ নিতে চাওয়ার মানসিকতা।’গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকে গড়ানো ম্যাচে ইংল্যান্ডে শট মিসের মহড়া শুরু হয়েছিল ল্যাম্পার্ডকে দিয়েই। চেলসি তারকা আবারও বিষয়টি আলোচনার টেবিলে তুলে নিয়ে এসেছেন সম্প্রতি দুই ম্যাচে পেনাল্টি শট থেকে গোল করতে না পারায়। অনেকেই বলছেন, ম্যাচ চলার সময় পেনাল্টি পেলে সেটি ওয়েইন রুনিকে দিয়েও নেওয়া উচিত হবে ইংল্যান্ডের। কিন্তু ‘পেনাল্টি শট বিশেষজ্ঞ’ টিসিয়ারের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই কি না, ল্যাম্পার্ড সোজাসুজি জানিয়ে দিয়েছেন, ‘যা হওয়ার তা হয়েছে, আমি এখন পুরোপুরি আত্মবিশ্বাসী। দৃঢ়তার সঙ্গে পেনাল্টি নেওয়ার জন্য আমার ভেতরে এখন একটা শক্তি কাজ করছে।’ ওয়েবসাইট।