আবারও পাকিস্তানের ত্রাতা ইউনুস খান ও মিসবাহ-উল-হক। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের সেঞ্চুরি আর দ্বিশত রানের জুটিতে প্রথম টেস্টে বড় লিড পেয়েছিল পাকিস্তান। কাল আরও একবার দলের বিপর্যয়ে পরস্পরকে সঙ্গী হিসেবে পেলেন দুজন। যখন উইকেটে গিয়েছিলেন, দল কাঁপছিল ইনিংস হারের শঙ্কায়। কিন্তু ইউনিস-মিসবাহর ব্যাটে দল খুঁজে পেয়েছে চেনা নির্ভরতা। লড়ে যাচ্ছে তাই পাকিস্তানও। যদিও ম্যাচের নিয়ন্ত্রণ এখনো শ্রীলঙ্কার হাতেই।
২২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। তৃতীয় দিন শেষে পিছিয়ে তারা ৯১ রানে, হারিয়ে ফেলেছে তিন উইকেট। শুধু এটুকু অবশ্য ইউনিস-মিসবাহ জুটির গুরুত্ব বোঝাতে পারছে না। বোঝা যাবে, যদি শোনেন যে পাকিস্তানের ১৩২ রানের ১১৩ই এসেছে অবিচ্ছিন্ন এই পঞ্চম জুটি থেকে!
প্রথম তিন ব্যাটসম্যানকে হাারিয়ে ফেলেছিল পাকিস্তান ১৯ রানের মধ্যেই। লাঞ্চের আগের ওভারে প্রথম ব্রেক থ্রু এনে দেন রঙ্গনা হেরাথ। লাঞ্চের পর পর জ্বলে ওঠেন প্রথম ইনিংসের নায়ক নুয়ান প্রদীপ। আর পাকিস্তানি টপ অর্ডারদের পুরোনো রোগ ফিরে আসা তো ছিলই। প্রদীপকে খোঁচা দিয়ে আউট হন খুররম মনজুর ও মোহাম্মদ হাফিজ। ফলোঅন এড়াতেই তখনো প্রয়োজন ২০৫ রান, ইনিংস পরাজয়ই মনে হচ্ছিল সবচেয়ে সম্ভাব্য ফল। ম্যাচের চতুর্থ দিন দেখা তখন অনেক দূরের পথ। কিন্তু পরে সারা দিন আর কোনো উইকেট পড়তে দেননি ইউনিস ও মিসবাহ। ন্যূনতম কোনো ঝুঁকির পথে হাঁটেননি, সময়ের দাবি মিটিয়ে দেখিয়েছেন নিবেদন। কিছুটা স্বস্তি নিয়ে তাই দিনটা শেষ করতে পেরেছে পাকিস্তান। যদিও পরাজয় বাঁচাতে হলে এই দুজনকে পাড়ি দিতে হবে আজ আরও অনেকটা পথ।
দিনের শুরুটা কিন্তু ছিল পাকিস্তানের। ৪ উইকেটে ৩১৮ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা, সুযোগ ছিল ১৫৩ রানের লিডটাকে বাড়িয়ে পাকিস্তানকে রান পাহাড়ে চাপা দেওয়া। কিন্তু আগের দিনের ৪২ রানেই অ্যাঞ্জেলো ম্যাথুস আউট হওয়ার পর আর বেশিদূর এগোতে পারেনি শ্রীলঙ্কা। সেঞ্চুরিটাকে খুব বড় করতে পারেননি জয়াবর্ধনেও, ছুঁতে পারেননি ১১ হাজার। তবে সবচেয়ে বেশি রানের তালিকায় স্টিভ ওয়াহকে (১০৯২৭) টপকে উঠে গেছেন আটে (১০৯৪০)। জয়াবর্ধনেকে ফিরিয়ে দীর্ঘ উইকেট-খরা কাটিয়েছেন সাঈদ আজমল। আগের টেস্টের প্রথম ইনিংসে ম্যাথুসের উইকেটটির ৪৬৪ বল পর আবার পেলেন উইকেট, মাঝের সময়টায় বোলিং বিশ্লেষণ ছিল ৭৭.২-১৯-১৬৪-০! পরে আরেকটি উইকেট পেয়েছেন আজমল। শেষ ৬ উইকেটে কাল শ্রীলঙ্কা তুলতে পেরেছে মাত্র ৭০ রান। সূত্র: সনি সিক্স ও ওয়েবসাইট।