লড়ছেন মিসবাহ-শফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের শুরুতেই যখন ইনিংস ঘোষণা করে দিলেন গ্রায়েম স্মিথ, ম্যাচের ফলাফল যেন ওখানেই দেখতে পাচ্ছিলেন মিসবাহ-উল হক। মাত্রই তৃতীয় দিনের খেলা। সামনে ঢের সময়। অথচ নয় ওভারের বেশি খরচ করতে রাজি হলেন না স্মিথ। ডি ভিলিয়ার্সের ১৫তম সেঞ্চুরির পরপরই ইনিংস ঘোষণা। আমলার আর ২৪ রান দরকার ছিল। কিন্তু কুড়িতম সেঞ্চুরিটিকে ভবিষ্যতের খাতায় জমা রেখে ফিরতে হলো তাঁকে। স্মিথের কী যেন তাড়া! তৃতীয় দিনেই ম্যাচটা শেষ করে ফেলতে চান।জিততে হলে ৪৮০ রানের প্রায় সম্ভব লক্ষ্য তাড়া করতে হবে পাকিস্তানকে। বিশ্ব রেকর্ড ৪১৮, দক্ষিণ আফ্রিকাতে চতুর্থ ইনিংসে ৩৩৫ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ডই নেই। আর ড্র? প্রথম ইনিংসে ২৯.১ ওভারে অলআউট একটা দলের জন্য সাড়ে আট সেশন ব্যাট করতে বলাই তো অন্যায়!প্রোটিয়া অধিনায়ক নিশ্চয়ই আবহাওয়ার পূর্বাভাসে নজর রাখছেন। চতুর্থ দিনে ওয়ান্ডারার্সে বর্ষণের সম্ভাবনা আছে। সেই বর্ষণ দুটি দিন নষ্ট করে ফেলবে—এতটা ভাবা হয়তো বাড়াবাড়ি। কিন্তু স্মিথ যেন তৃতীয় দিনেই ফল দেখতে চাইলেন। ৮২ রানে চার উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকান বোলাররা সেই সম্ভাবনা জাগিয়েও তুললেন। কিন্তু দু-দুবার সুযোগ দিয়ে বেঁচে যাওয়া মিসবাহ আর আসাদ শফিকের ১০১ রানের অবিচ্ছিন্ন জুটিতে একটু প্রতিরোধ গড়ে তুলেছে পাকিস্তান। পার করে দিয়েছে তৃতীয় দিনটিও। দিন শেষে স্কোর ৪ উইকেটে ১৮৩।প্রথম ইনিংসে এমন বিপর্যয়ের পর বিপর্যস্ত দলকে পথ দেখানোর দায়িত্ব পড়ে অধিনায়কের ওপরই। মিসবাহ দেখাচ্ছেনও। ভাগ্যও মনে হচ্ছে তাঁর সঙ্গে। ক্যালিসের বলে পয়েন্টে তাঁর ক্যাচ ফেলেছেন পিটারসন। চার বল আগে ফিল্যান্ডারের বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন আসাদ শফিক। ক্যাচটা ধরেছিলেন স্মিথ। আসাদ শফিক বেরিয়েও যাচ্ছিলেন। ফিরে আসেন রিপ্লেতে ফিল্যান্ডার নো বল করেছেন বলে প্রমাণিত হওয়ায়।প্রথম ইনিংসের মতো ভয়ংকর হয়ে ওঠেননি স্টেইন। তাঁর ওভারগুলো সামলেই খেলেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। রান বেশি নিতে পারেননি, উইকেটও দেননি একটির বেশি। দক্ষিণ আফ্রিকা তার পরও ভালো শুরু পেয়েছিল যৌথ আক্রমণের ফসল হিসেবে। তথ্যসূত্র: ওয়েবসাইট।