লড়ছেন সেই জয়াবর্ধনেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল টেস্টের মতো কলম্বো টেস্টেও শ্রীলঙ্কাকে একেবারে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। প্রথম ইনিংসে সেঞ্চুরির পরে দ্বিতীয় ইনিংসেও তিনি লড়ে যাচ্ছেন ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার জন্য। গ্রায়েম সোয়ানের দুর্দান্ত বোলিংয়ে আজ কলম্বো টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার ছয়টি উইকেট তুলে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। অন্যদিকে লঙ্কান স্কোর বোর্ডে জমা হয়েছে ২১৮ রান। ৫৫ রান করে অপরাজিত আছেন অধিনায়ক জয়াবর্ধনে।আজ চতুর্থ দিনে প্রথম দিকে খুব বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছিল ৪ উইকেটে ১২৫ রান। সাজঘরে ফিরেছিলেন থিরিমানে (১১), ধাম্মিকা প্রসাদ (৩৪), দিলশান (৩৫) ও সাঙ্গাকারা (২১)। শ্রীলঙ্কা তখনো পিছিয়ে ছিল ৬০ রানে। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন জয়াবর্ধনে। পঞ্চম উইকেটে সামারাবীরাকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়ে তোলেন লঙ্কান অধিনায়ক। তবে দিনের একেবারে শেষ মুহূর্তে এক ওভারেই সামারাবীরা ও সুরজ রণদিভের উইকেট তুলে নিয়ে ইংলিশ শিবিরে জয়ের আশা জাগিয়েছেন গ্রায়েম সোয়ান। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা এগিয়ে আছে মাত্র ৩৩ রানে।