লড়তে হবে ওঁদেরকেই
পাপের প্রায়শ্চিত্ত তো পাপীকেই করতে হয়। স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে ‘ফিক্সিং ত্রয়ী’র পাশেই ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার বুঝি একটু দূরে সরে দাঁড়াল পিসিবি। পিসিবি জানিয়ে দিয়েছে, আইসিসির বিরুদ্ধে আইনি লড়াইয়ে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আফিসকে কোনো প্রকার আর্থিক সহায়তা দেওয়া হবে না।লড়াই যদি করতে হয়, আইনজীবীদের পেছনে গাঁটের পয়সা ঢেলেই লড়তে হবে বাট, আমির, আসিফকে। বোর্ড টাকা দেবে না, তাই বলে কি লড়াই বন্ধ থাকবে? অভিযুক্তরাও তাই নিজেদের ব্যক্তিগত খরচেই নিয়োগ করেছেন আইনজীবী। ‘এই তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছেন, যাঁরা নিষেধাজ্ঞা এবং স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্ত করতে খেলোয়াড়দের হয়ে লড়বেন’—পিটিআইকে বলেছে পিসিবির একটি সূত্র।ব্রিটিশ আইনজীবী এলিজাবেথ রবার্টসনকে নিয়োগ করেছেন আসিফ। অধিনায়ক সালমানের বাটের হয়ে লড়বেন খালিদ রানঝা ও আফতাব গুল নামের দুজন আইনজীবী। আমিরের পক্ষে লড়ছেন শহীদ করিম।বাট শুরুতে অবশ্য আইনজীবী হিসেবে চেয়েছিলেন পাকিস্তানের শীর্ষ পর্যায়ের আইনজীবী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আইতজাজ আহসানকে। কিন্তু আইতজাজের মতো আইনজীবীকে নিয়োগ দেওয়া ব্যয়বহুল। তাই আইতজাজের ভাবনা ছেড়ে বাট রানঝা ও গুলের দ্বারস্থ হয়েছেন। আইসিসির দুর্নীতি দমন কমিশনের আচরণবিধি অনুযায়ী লর্ডস টেস্টের যে দুটি নো বলকে ফিক্সিং এবং বেটিংয়ের আওতায় ফেলে আমিরকে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছে আইসিসি, সেটিরই জবাব দেওয়া হয়নি। জবাব দেওয়ার সময় দেওয়া হয়েছে ৫ অক্টোবর পর্যন্ত। আমিরের আইনজীবী করিম বলেছেন, স্পট ফিক্সিংয়ের অভিযোগ ও সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইসিসির কাছে দুটি আপিল করবেন তাঁরা। বাট ইতিমধ্যেই সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন। আর আসিফ আইসিসির জবাবটা দেবেন সরাসরি লন্ডন থেকে। ওয়েবসাইট।