লড়তে হলো জোকোভিচ-শারাপোভাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে আটটি গ্র্যান্ড স্লাম জিতলেও ইউএস ওপেন জেতা হয়নি একবারও। এবার এই আক্ষেপ মুছে ফেলার সুযোগ তো আছেই, ইতিহাসের সপ্তম তারকা হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়া, চতুর্থ তারকা হিসেবে একই বছরে তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসানো—রাফায়েল নাদালের সামনে অনেক অর্জনের হাতছানি। এতসব অর্জন যে পথের শেষে, পরশু সেই পথটা হাঁটা শুরু করেছেন নাদাল। ইউএস ওপেনের উদ্বোধনী দিনেই পেয়েছেন জয়। জয় পেয়েছেন মহিলা এককের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি, মারিয়া শারাপোভা, ইয়েলেনা জাঙ্কোভিচ, নোভাক জোকোভিচও। জিতেছেন; তবে ওজনিয়াকি বাদে সবাই প্রথম রাউন্ডেই পেয়েছেন গ্র্যান্ড স্লাম প্রতিদ্বন্দ্বিতার আঁচ। জোকোভিচকে খেলতে হয়েছে পাঁচ সেট। শারাপোভা প্রথম সেট হারার পর ৪-৬, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন জার্মিলা গ্রথকে।রাশিয়ার তেইমুরাজ গ্যাবাশভিলির বিপক্ষে নাদাল জিতেছেন ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে। স্বদেশি এবং বন্ধু ভিক্টর ট্রয়েকির বিপক্ষে জোকোভিচের জয় ৬-৩, ৩-৬, ২-৬, ৭-৫, ৬-৩ গেমে। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার গিসেলা ডালকোর বিপক্ষে ম্যাচে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ার পর খেলা থেকে সরে দাঁড়িয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। দ্বিতীয় রাউন্ডেই রাশিয়ার পাবলিউচেঙ্কোভার কাছে হেরে বিদায় নিয়েছেন সানিয়া মির্জা।জয় পাওয়াটাই বড় কথা। নাদাল কোর্টের পারফরম্যান্সে সন্তুষ্টই, ‘আমার সার্ভ ভালো কাজ করেছে। আমি এটা চালিয়ে যেতে চাইব।’ জোকোভিচ তো পারলে জয়টাই দিয়ে দেন বন্ধু ভিক্টরকে, ‘কৃতিত্ব দিতে হবে ভিক্টরকে। সে সত্যিই দারুণ খেলেছে। সার্ভগুলো তো ছিল অবিশ্বাস্য। আমি যদি হেরেও যেতাম, জয়টা ওর প্রাপ্যই হতো।’ এএফপি।