লড়লেন শুধু কোহলি-হেনরিকে
সানরাইজারস হায়দরাবাদের বিপক্ষে আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে লড়েছেন শুধু বিরাট কোহলি ও মোইজেস হেনরিকে। এই দুই ব্যাটসম্যানের ৪৬ ও ৪৪ রানের ইনিংসে ভর করেই স্কোরবোর্ডে ১৩০ রান জমা করেছে বেঙ্গালুরু। এই দুজন ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। হায়দরাবাদের পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন ইশান্ত শর্মা।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে বেঙ্গালুরু। মাত্র ২২ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার ক্রিস গেইল ও তিলকারত্নে দিলশান। চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কোহলি ও হেনরিকে। ১৪তম ওভারে এই জুটি ভাঙেন আশিস রেড্ডি। ৪৬ রান করে ফিরে যান কোহলি। এরপর প্রায় শেষ পর্যন্ত একাই লড়ে যান হেনরিকে। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে তাঁকে সাজঘরে ফেরান ইশান্ত শর্মা। ৪০ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস খেলেছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।