লড়াই আশা করছেন স্মিথও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণের বিস্ময়টা গোপন করেননি। তবে প্রথম ম্যাচের পর মাইকেল ক্লার্ক এটাও বলেছিলেন, পরিচিত কন্ডিশনে বাংলাদেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারে। কাল অধিনায়কের কথার প্রতিধ্বনি থাকল স্টিভেন স্মিথের কণ্ঠেও। ক্লার্কের তরুণ সেনানীর ধারণা আজ জোর লড়াই করবে বাংলাদেশ।‘প্রথম ম্যাচ হিসেবে আমরা দারুণ খেলেছি। ব্যাটসম্যানরা ভালো করেছে। মাইকেল ক্লার্ক দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। বোলাররাও নিজেদের কাজটা ঠিকঠাক করেছে। তবে এই কন্ডিশন, উইকেট বাংলাদেশের পরিচিত। গ্যালারিভরা দর্শক সমর্থন। কাল (আজ) ওরা নিশ্চয়ই ফিরে আশার সম্ভব সব চেষ্টাই করবে।’বাকি ম্যাচ দুটি অবশ্য ‘লড়াই’ স্মিথের নিজের জন্যও। দলে জায়গা পাকা করার লড়াই। নিজেকে প্রমাণ করার লড়াই। তাঁকে নিয়ে প্রত্যাশার বেলুনটা যে চুপসে যেতে শুরু করেছে! প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর তাঁকে মনে করা হচ্ছিল শেন ওয়ার্নের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রতিশ্রুতিশীল লেগ স্পিনার। পরে দেখা গেল ব্যাটিংটাও দারুণ। আর ফিল্ডিং তো বরাবরই দুর্দান্ত। সব মিলিয়ে অস্ট্রেলিয়ান মিডিয়ায় তাঁকে বলা হল ‘অস্ট্রেলীয় ক্রিকেটের ভবিষ্যৎ।’কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বছর খানেক কেটে গেলেও ঠিক বোঝা যাচ্ছে না, কেন তাঁকে নিয়ে এত উচ্চবাচ্য হয়েছিল। এখনো বলার মতো কোনো পারফরম্যান্স নেই। পাঁচ টেস্টে দুই ফিফটি আর ৩ উইকেট। ২২ ওয়ানডেতে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬, বোলিংয়ে ১৯ উইকেট। পরিচিত মিনি অলরাউন্ডার রূপে। যিনি ব্যাটিং আর বোলিং দুটিই একটু একটু পারেন, কিন্তু কোনোটিতেই ‘বিশেষজ্ঞ’ নন।পারফরম্যান্সের কারণেই হয়তো নিজের ‘পরিচয়’ নিয়ে দ্বিধান্বিত মনে হলো স্বয়ং স্মিথকেও। তবে জানিয়ে দিলেন ভবিষ্যৎ লক্ষ্যটা, ‘আমি নিজেও আসলে নিশ্চিত নই আমাকে ব্যাটিং অলরাউন্ডার বলা উচিত না বোলিং অলরাউন্ডার। তবে আমাকে যে ভূমিকাই দেওয়া হোক, পূরণ করার চেষ্টা করব। আমার লক্ষ্য একজন জেনুইন অলরাউন্ডার হওয়া। আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আশা করি, পরিশ্রমের ফল পাব।’ ফলটা শিগগিরই পাওয়া জরুরি। তাঁর প্রতিভা সম্পর্কে ধারণা আছে বলেই বারবার সুযোগ দিচ্ছেন নির্বাচকেরা। কিন্তু অস্ট্রেলিয়ার পরবর্তী সিরিজ আগস্টে। পরের দুই ম্যাচে মনে রাখার মতো কিছু করতে না পারলে নির্বাচকেরা তাঁকে ভুলেই যেতে পারেন!স্মিথও সেটা জানেন। তাই নিজেকে প্রমাণের জন্য ব্যাকুল, ‘বারবার সুযোগ পাওয়াটা দারুণ। এতে বোঝা যায় দল আমার ওপর আস্থা রাখছে। আমি হতাশ। সুযোগ এখনো সেভাবে কাজে লাগাতে পারিনি। তবে নিজের সামর্থ্যের ওপর আমার আস্থা আছে। আশা করি, সামনের ম্যাচগুলোয় নিজেকে প্রমাণ করতে পারব।’স্মিথের আশা পূরণ হোক, নিশ্চয়ই চাইবে না বাংলাদেশ!