লড়াই করে জিতল ইংল্যান্ড
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮৮ রানে অলআউট হওয়ার দুঃস্বপ্ন আসি আসি করেও এল না। দিল্লিও হলো না চট্টগ্রাম। ইংল্যান্ড একটুর জন্য আফগানদের কাছে হারের হাত থেকে বেঁচে গেল। আফগানদের বোলিং অসাধারণ হলো, শেষ দিকে ব্যাটিংও হলো দুর্দান্ত। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়েও আক্ষেপের গল্প হয়ে রইল। ইংল্যান্ডের কাছে ১৫ রানে হেরে গেল আফগানরা। আর এই জয়ে সেমিফাইনালের স্বপ্নও উজ্জ্বল হলো ইংল্যান্ডের।
কাল ফিরোজ শাহ কোটলা কিন্তু ‘প্রস্তুত’ হয়েছিল অঘটনের জন্য। ৯.২ ওভারের মধ্যেই ইংল্যান্ডের ৬ উইকেট নেই, রান মাত্র ৫৭! ১৫ ওভার শেষে সেই স্কোর ৮৭, উইকেট নেই ৭টি! বাতাসে তখন অঘটনের গন্ধ, আফগানদের চোখ-মুখে বেরোচ্ছিল তখন কিছু একটা করে দেখানোর প্রতিজ্ঞা। কিন্তু তখনই একজন মঈন আলীর আবির্ভাব। ২০ ওভার শেষে ইংল্যান্ড যে ১৪২ রান করতে পারল তার পুরো কৃতিত্ব লোয়ার অর্ডার ব্যাটসম্যান বনে যাওয়া মঈনের। তাঁর ৩৩ বলের ৪১ রানে শেষ ৩ ওভারে এল ৪৪ রান। ইংল্যান্ডও পেল লড়াই করার পুঁজি।
আফগানিস্তানের তবু স্বপ্ন দেখার অধিকার ছিল। আগের দুই ম্যাচেই ১৫০ পেরিয়েছিল তারা। আর সর্বশেষ দুই ম্যাচেই ছন্নছাড়া ইংলিশ বোলিং কাল ১৪২ রান রক্ষা করতে পারবে কি না এ নিয়েও ছিল সন্দেহ। সে সন্দেহ ধুয়েমুছে গেল আফগানিস্তানের প্রথম ১০ ওভারেই। ১০ ওভার শেষে আফগানিস্তানের রান ৫ উইকেট হারিয়ে ৪৫। কিন্তু এরপরই শফিকুল্লাহ হতে চাইলেন ‘মঈন আলী’। ২০ বলে ৩৫ রান করে তিনিই ইংল্যান্ডকে দুশ্চিন্তায় রাখেন শেষ ওভার পর্যন্ত। ম্যাচের শেষ দিকে তো একটি দৃশ্যেরই পুনরাবৃত্তি হলো বারবার। এক দিকে একের পর এক উইকেট পড়েছে আফগানিস্তানের, উল্টো দিকে চার-ছক্কা হাঁকাচ্ছেন শফিকুল্লাহ। কিন্তু শেষ রক্ষা হয়নি। লক্ষ্য থেকে ১৬ রান দূরে থাকতেই থামতে হলো আফগানদের। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।