লড়াই করে হার আয়ারল্যান্ডের
শক্তির বিচারে পার্থক্য আকাশ-পাতাল। দলটির নাম যখন আয়ারল্যান্ড, অঘটনের আশঙ্কাটা থেকেই যায়। না, বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডকে অঘটনের শিকার হতে হয়নি। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ৩২ রানে হেরেছে। তবে তার আগে কিউদের কাঁপিয়ে দিয়েছে আইরিশরা।মার্টিন গাপটিলের ১৩০ রানের ইনিংসের উপর ভর করে ৩১১ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। কিউদের তারকা বোলারদের রক্তচক্ষু সামলে যে কোন দলের জন্য এই রান অতিক্রম করা কঠিন। তবে কঠিন কাজকেই সহজ করে দিয়েছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। এই উদ্বোধনী ব্যাটসম্যান খেলেন ৭২ রানের লড়াকু ইনিংস।আয়ারল্যান্ডের প্রথম উইকেটের পতন দলীয় ৯৩ রানে। দুই উইকেট হারিয়ে দেড়শ রান অতিক্রম। রান পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যানদের সবাই। এক পর্যায়ে মনে হচ্ছিল, বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডকে অঘটনের শিকার বানাচ্ছে গত বিশ্বকাপে পাকিস্তানকে লজ্জায় ডুবানো আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত এমন কিছু ঘটেনি। ৪৮.২ ওভারে ২৭৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। তবে আইরিশদের সামর্থটা বেশ ভালোই টের পেয়েছেন ডেনিয়েল ভেট্টোরিরা। ক্রিকেইনফো।