২০০৩ সালে অ্যান্টিগায় রান তাড়ার সেই বিশ্বরেকর্ডই হয়ে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ জয়। ডমিনিকা টেস্ট জিততে হলেও করতে হতো এমন অতিমানবীয় কিছু। এই ওয়েস্ট ইন্ডিজ দলের সামর্থ্য কোথায় সেটা করার! তবে গত কিছুদিনে লড়াকু দল হিসেবে গড়ে ওঠার যে প্রমাণ ওয়েস্ট ইন্ডিজ রেখে আসছে, সেটা দেখিয়েছে আরও একবার। হারার আগে লড়াই করেছে, সামনে থেকে সেই লড়াইয়ে যথারীতি নেতৃত্ব দিয়েছেন ড্যারেন স্যামি। লক্ষ্যটা এতটাই কঠিন যে তার পরও ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৭৫ রানের বড় ব্যবধানে। অস্ট্রেলিয়া সিরিজ জিতল ২-০-তে।অস্ট্রেলিয়াকেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাইকেল ক্লার্ক। তবে ব্যাট হাতে নয়, বল হাতে! সেই ২০০৪ সালে, ক্যারিয়ারের চতুর্থ টেস্টেই মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন ক্লার্ক। তবে এরপর অলরাউন্ডার হিসেবে নিজেকে আর প্রতিষ্ঠিত করতে পারেননি, স্রেফ একজন পার্টটাইমার। মুম্বাইয়ের পর ৭৮ টেস্টে ৩ উইকেটই পেয়েছেন মাত্র একবার। ডমিনিকায় যেন ফিরে এল মুম্বাইয়ের ক্লার্ক। বাঁহাতি স্পিনে নিলেন ৫ উইকেট!তূণের সব তির সাজিয়ে আটঘাট বেঁধেই বল করছিলেন ক্লার্ক। পরশু ইনিংসের শুরুতে ফিরিয়ে দিয়েছিলেন ক্রেইগ ব্রাফেট ও কাইরন পাওয়েলকে। চতুর্থ দিনের শেষ ওভারে শিবনারায়ণ চন্দরপলকে ফিরিয়ে ম্যাচটাকে এনেছিলেন একেবারে হাতের মুঠোয় ক্লার্ক। চন্দরপল অবশ্য ব্যক্তিগত ১৪ রানের মাথায় টেস্ট ক্রিকেটের দশম ও দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে পুরো করেন ১০ হাজার রান। শেষ পর্যন্ত তাঁর ৫৮তম ফিফটির ইনিংসটা শেষ হয় ৬৯ রানে। এই ইনিংসটা খেলার পথেই ক্যারিয়ার-গড়টাও ৫০ পেরিয়েছে চন্দরপলের। ১৪০ টেস্টের ২৩৯ ইনিংসে ১০০৫৫ রান করা এই গায়ানিজের ব্যাটিং-গড় এখন ৫০.০২। এরপর লোয়ার-অর্ডারদের নিয়ে লড়াই করেছেন স্যামি। তুলে নিয়েছেন আরও একটি ঝোড়ো ফিফটি। ঘরের মাঠে প্রথম টেস্টেই ১০ উইকেট পাওয়া শেন শিলিংফোর্ড শেষ উইকেটে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ককে। শেষ জুটিতে দুজন তোলেন ৪৯ রান! ৫১ বলে ৪ চার ও ৩ ছয়ে ৬১ করা স্যামিকে ফিরিয়ে ম্যাচের ইতি টানেন নাথান লায়ন। ৩১ রানে অপরাজিত থেকে যান শিলিংফোর্ড। প্রথম ইনিংসের সেঞ্চুরিটির জন্য ম্যাচসেরা অবশ্য ম্যাথু ওয়েড। এএফপি, ওয়েবসাইট।