লড়াই করে হারল বাংলাদেশ
ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানের সমতা নিয়ে শেষ করার পর শ্রীলঙ্কা সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি জিতেই দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। সেই লক্ষ্যে লড়াইটাও বেশ ভালোই করেছে বাংলাদেশ। কিন্তু অল্পের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি টাইগাররা। মাঠ ছাড়তে হয়েছে ১৭ রানের হার নিয়ে। জয়ের জন্য ১৯৯ রানের দুরুহ লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ১৮১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন মোহাম্মদ আশরাফুল। ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। প্রথম ৩ ওভারের মধ্যে ২৭ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন ওপেনার শামসুর রহমান ও জহুরুল ইসলাম। তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন আশরাফুল ও অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু অষ্টম ওভারের শেষ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরমুখী হয়েছেন আশরাফুল। তার আগে ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। দুই ওভার পরে দলের অন্যতম ব্যাটিং ভরসা নাসির হোসেনও সাজঘরে ফিরলে চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে ৫০ রানের ঝড়ো জুটি গড়ে ভালোই লড়াই করছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। কিন্তু ইনিংসের ১৫তম ওভারে পরপর দুই বলে এই দুই ব্যাটসম্যানই সাজঘরে ফিরলে হার প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। মুশফিকুর ৩৯ ও মাহমুদুল্লাহ ৩১ রান করেন। তবে তারপরও লড়াই চালিয়ে গেছেন মমিনুল হক। ১৬ বলে ২৬ রানের ইনিংসটি খেলে যেন অসম্ভবকেই সম্ভব বানাতে চাইছিলেন এই তরুণ ব্যাটসম্যান। শেষপর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন তিনি।